বিরলে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

এফএনএস (মোঃ আতিউর রহমান; বিরল, দিনাজপুর) : | প্রকাশ: ৫ সেপ্টেম্বর, ২০২৬, ০৩:৩০ পিএম
বিরলে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

বিরলে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক। উপজেলা নির্বাহী অফিসার রেজাউল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অফিসার ইনচার্জ মোঃ আল এমরান, শিক্ষা অফিসার মুর্শিদা খাতুন, মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত)  আরিফ ইকবাল, উপজেলা বিএনপি সভাপতি বাবুল হোসেন, বিএমডিএ বিরল জোনাল অফিসের সহকারী প্রকোশলী শহিদুল ইসলাম, কাজিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুলফিকার হোসেন প্রমূখ। অনুষ্ঠানে উপজেলায় ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত ৬৯ জন ও সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত ১০৭ জনকে সংবর্ধনা এবং ফলজ গাছের চারা প্রদান করা হয়। এছাড়াও ক্ষুদ্র নৃগোষ্ঠীর ১৪ জন শিক্ষার্থীকে ১৪ টি বাইসাইকেল ও উপজেলায় সেলাই প্রশিক্ষণ গ্রহণকারী ০৯ জন নারীর মাঝে ০৯ টি সেলাই মেশিন বিতরণ করেন অতিথিবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদ সদস্য বলেন, আমরা আজকে যারা মঞ্চে বসে আছি, আগামীদিনে তোমরা আমাদের কোন না কোন একটি চেয়ারের অধিকারী হবে। তোমাদের জীবনকে আরো সুন্দর করে গড়ে তুলবে। নিয়ম শৃঙ্খলার মধ্যে চলাফেরা করবে। জীবনের লক্ষ্য নির্ধারণ করে এগিয়ে চলবে। একটা রুটিন নির্ধারণ করে তোমরা তোমাদের লক্ষ্য বাস্তবায়ন করবে।

অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, আপনারা যারা আজকে এখানে আছেন, আপনাদের সন্তান বৃত্তি পেয়েছে। এটাই কিন্তু আপনার সন্তানের শেষ অর্জন নয়। সে যেন এই ফলাফলের ধারাবাহিকতা ধরে রাখতে পারে, আপনাদের খেয়াল রাখতে হবে। আপনার সন্তান কোথায় যায়, কি করে, কখন ফিরে, সেদিকেও নজর রাখতে হবে। সে এমন কোন পরিবেশে মিশছে কিনা, যে পরিবেশ আপনার পুরো পরিবারকে ধ্বংস করে ফেলতে পারে। আমাদের চারপাশে যেভাবে মাদকের উৎপাৎ, অনেকে মাদকাসক্ত হয়ে পড়েছে। যারা মাদকাসক্ত আছে, তাদেরকে ফিরাতে হবে। আবার নতুন করে কেউ যেন মাদকাসক্ত না হয়, সে দায়িত্ব আমাদেরই নিতে হবে। আমাদের সন্তান, আমাদের প্রতিবেশি যেন মাদকের সাথে জড়িত না হয়, সেদিকেও আমাদের লক্ষ্য রাখতে হবে। আমাদের সামাজিক দায়িত্ব আমরা পালন করবো। মাদক থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করবো। সবাইকে মাদক থেকে দূরে রাখার চেষ্টা করবো, এটাই হোক আমাদের আজকের অঙ্গীকার।

আপনার জেলার সংবাদ পড়তে