চোটের দুর্ভাগ্য যেন কিছুতেই পিছু ছাড়ছে না নেইমার জুনিয়রের। ডান উরুর রেক্টাস ফেমোরিস পেশিতে টাইপ ২বি চোট পাওয়ায় চার থেকে আট সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে ব্রাজিলিয়ান তারকাকে। ফলে সান্তোসের হয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি ম্যাচে তাকে পাওয়া যাবে না।
কোপা দো ব্রাসিলের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে পালমেইরাসের বিপক্ষে ০-০ গোলে ড্রয়ের ম্যাচে চোট পান নেইমার। স্থানীয় সময় ২ সেপ্টেম্বর রাতে অনুষ্ঠিত ম্যাচটির প্রথমার্ধের শেষ দিকে ডান উরুতে অস্বস্তি অনুভব করেন তিনি। বিরতির পর আর মাঠে ফেরেননি, তার বদলে খেলেন রনি। ম্যাচটি ড্র হলেও প্রথম লেগে ৩-০ ব্যবধানে হেরে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নেয় সান্তোস।
পরদিন পরীক্ষা করানোর পর নেইমারের চোটের ধরন নিশ্চিত করে সান্তোস। ডান উরুর সামনের অংশের রেক্টাস ফেমোরিস পেশিতে টাইপ ২বি মাত্রার চোট ধরা পড়েছে। ক্লাবের মেডিকেল আপডেট অনুযায়ী, নেইমারের পাশাপাশি আলভারো বারেয়াল ও লুকাস ভেরিসিমোরও চোট শনাক্ত হয়েছে। তিনজনই চিকিৎসা ও পুনর্বাসন শুরু করেছেন।
টাইপ ২বি ধরনের পেশির চোট থেকে সেরে উঠতে সাধারণত চার থেকে আট সপ্তাহ সময় লাগতে পারে। নেইমারের আগের চোটের ইতিহাস বিবেচনায় এবারও দ্রুত মাঠে ফেরার চেষ্টা না করাই স্বাভাবিক। ফলে প্রায় দুই মাস বাইরে থাকার আশঙ্কাই বেশি।
এই চোটের কারণে রোববার (৬ সেপ্টেম্বর) ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপে ইন্টারন্যাসিওনালের বিপক্ষে সান্তোসের ম্যাচে খেলতে পারবেন না নেইমার। একই সঙ্গে ৯ ও ১৬ সেপ্টেম্বর অ্যাটলেটিকো মিনেইরোর বিপক্ষে কোপা সুদামেরিকানার কোয়ার্টার ফাইনালের দুই লেগেও তার খেলা অনিশ্চিত হয়ে পড়েছে।
সান্তোসে ফেরার পর থেকেই চোট নিয়ে ভুগছেন নেইমার। ২০২৫ সালের জানুয়ারিতে ক্লাবটিতে ফেরার পর বাঁ উরু, ডান রেক্টাস ফেমোরিস, বাঁ হাঁটুর মেনিস্কাস এবং ডান কাফে সমস্যা হয়েছিল তার। চলতি মৌসুমেও কাফের চোটে ভুগেছেন তিনি। একাধিকবার দীর্ঘ পুনর্বাসনের পর মাঠে ফিরতে হয়েছে এই ফরোয়ার্ডকে।
পালমেইরাসের বিপক্ষে ম্যাচে শুধু নেইমারই নন, সান্তোসের আরও দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড় চোটে পড়েছেন। ডিফেন্ডার লুকাস ভেরিসিমোর ডান গোড়ালিতে মচকেছে। আর ফরোয়ার্ড আলভারো বারেয়ালের বাঁ উরুর পেছনের অংশের বাইসেপস ফেমোরিস পেশিতে টাইপ ২এ চোট ধরা পড়েছে। দুজনকেই চিকিৎসার আওতায় নেওয়া হয়েছে।
পালমেইরাসের বিপক্ষে ম্যাচে চোট পাওয়ার পর মাঠের অবস্থা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন নেইমার। ম্যাচের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে ভিলা বেলমিরোর পিচের অবস্থা নিয়ে তীব্র অসন্তোষ জানান তিনি।
নেইমারের অভিযোগ, ম্যাচের আগের দিন মাঠের মাটি আলগা করার কারণে পুরো পিচে গর্ত ও অসমান জায়গা তৈরি হয়েছিল। তার দাবি, এতে দৌড়ের সময় গতি বাড়ানো এবং হঠাৎ থামতে খেলোয়াড়দের অতিরিক্ত শক্তি প্রয়োগ করতে হয়েছে। প্রথমার্ধেই তিনজন খেলোয়াড়ের ব্যথা পাওয়ার বিষয়টিকেও তিনি মাঠের অবস্থার সঙ্গে যুক্ত করেন।
নেইমার লিখেছিলেন, “প্রতিপক্ষের পাশাপাশি আমাদের মাঠের বিরুদ্ধেও খেলতে হয়েছে।” মাঠের দায়িত্বে থাকা ব্যক্তিদের উদ্দেশে তার পোস্টে ছিল স্পষ্ট বিদ্রূপও। পরে পালমেইরাসও নিজেদের কৃত্রিম টার্ফের ভালো অবস্থার কথা তুলে ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে পাল্টা মন্তব্য করে।
চোটের কারণে নেইমারের জন্য এটি আরও একটি বড় বিরতি। চলতি মৌসুমে সান্তোসের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৫ ম্যাচে আট গোল ও আটটি অ্যাসিস্ট করেছেন তিনি।
সান্তোস এখন এমন এক সময়ে নেইমারকে হারাল, যখন ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপে তাদের জন্য প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। কোপা দো ব্রাসিল থেকে বিদায়ের পর লিগ ও কোপা সুদামেরিকানার লড়াইয়ে দলের অন্যতম ভরসা নেইমারকে ছাড়াই সামনের ম্যাচগুলো সামলাতে হবে ক্লাবটিকে।