বিয়ের ১৭ দিনের মাথায় শ্বশুরবাড়ি থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

এফএনএস (প্রতিবেদক): | প্রকাশ: ৫ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:০৯ পিএম
বিয়ের ১৭ দিনের মাথায় শ্বশুরবাড়ি থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

খুলনার কয়রায় বিয়ের মাত্র ১৭ দিনের মাথায় শ্বশুরবাড়িতে মো. খালিদ হাসান (২৫) নামে এক যুবকের গলায় ফাঁস দেওয়া অবস্থায় মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের গোবরা গ্রামে শ্বশুরবাড়িতে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি কয়রা সদর ইউনিয়নের কয়রা গ্রামের মো. রহিম সরদারের ছেলে খালিদ হাসান। স্থানীয়রা জানান, প্রায় ১৭ দিন আগে খালিদের সঙ্গে গোবরা গ্রামের তৈয়ব আলীর মেয়ে সানজিদা খাতুনের বিয়ে হয়। ঘটনার রাতে খালিদ স্ত্রীসহ শ্বশুরবাড়িতে অবস্থান করছিলেন। পরে তার স্ত্রী ঘরের দরজা বন্ধ দেখতে পান এবং জানালা দিয়ে উঁকি দিয়ে খালিদকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নেওয়ার চেষ্টা করলে তার মৃত্যু হয়েছে বলে জানা যায়। পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কী কারণে তিনি গলায় ফাঁস দিয়েছেন, তা জানতে তদন্ত চলছে। কয়রা থানার অফিসার ইনচার্জ মো. রাশেদুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে