বিদেশ ভ্রমণে বৈদেশিক মুদ্রা ব্যবহারের সীমা বাড়াল বাংলাদেশ ব্যাংক

এফএনএস (প্রতিবেদক): | প্রকাশ: ৬ সেপ্টেম্বর, ২০২৬, ০৪:০৭ পিএম
বিদেশ ভ্রমণে বৈদেশিক মুদ্রা ব্যবহারের সীমা বাড়াল বাংলাদেশ ব্যাংক

বিদেশ ভ্রমণের ক্ষেত্রে বাংলাদেশি নাগরিকদের বৈদেশিক মুদ্রা ব্যবহারের বার্ষিক সীমা ৫০ শতাংশ বাড়াল বাংলাদেশ ব্যাংক। এখন থেকে একজন প্রাপ্তবয়স্ক নাগরিক এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ ১৮ হাজার মার্কিন ডলার বা তার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা খরচ করতে পারবেন। এতদিন এই সীমার পরিমাণ ছিল ১২ হাজার ডলার।

রোববার (৬ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে সব অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, বাংলাদেশি নাগরিকদের প্রকৃত ভ্রমণসংক্রান্ত চাহিদা পূরণ এবং আন্তর্জাতিক ভ্রমণের পরিবর্তিত পরিস্থিতি বিবেচনা নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বার্ষিক কোটা বাড়ার ফলে চিকিৎসা, পরিবার পরিদর্শন ও পর্যটনসহ বিভিন্ন বৈধ কাজে বিদেশে সফরকারী নাগরিকেরা অর্থ খরচে আগের চেয়ে বেশি স্বস্তি পাবেন।

ভ্রমণ কোটার মোট পরিমাণ বাড়ানো হলেও নগদ (ক্যাশ) ডলার এনডোর্সমেন্টের নিয়মে কোনো পরিবর্তন আনা হয়নি। বিদ্যমান নিয়ম অনুযায়ী, প্রযোজ্য বার্ষিক কোটার মধ্যে একজন ভ্রমণকারী বছরে সর্বোচ্চ ৫ হাজার ডলার পর্যন্ত নগদ নোট আকারে সঙ্গে রাখতে পারবেন। ১৮ হাজার ডলার কোটার বাকি অংশ ট্রাভেল কার্ড কিংবা আন্তর্জাতিক ক্রেডিট ও ডেবিট কার্ডের মাধ্যমে ব্যবহার করতে হবে।

১২ বছরের কম বয়সী অপ্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে বরাদ্দের সুযোগ আগের নিয়মেই বহাল রাখা হয়েছে। তারা প্রাপ্তবয়স্কদের জন্য নির্ধারিত মোট সীমার ৫০ শতাংশ বা সর্বোচ্চ ৯ হাজার ডলার পর্যন্ত ব্যবহারের সুযোগ পাবে।

আপনার জেলার সংবাদ পড়তে