‘একটি চারা, একটি ভবিষ্যৎ’-এই ভাবনাকে সামনে রেখে বাগেরহাটের মোরেলগঞ্জে শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিয়ে সবুজের বার্তা ছড়িয়ে দিচ্ছেন রওশন আরা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ জাহাঙ্গীর আল আজাদ। রবিবার (৬ সেপ্টেম্বর) মোরেলগঞ্জ পৌর শহরের রওশন আরা বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ৩০০টি রেইনট্রি গাছের চারা বিতরণ করেন তিনি। এর আগে এসিলাহা পাইলট উচ্চ বিদ্যালয় ও আব্দুল আজিজ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়সহ বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝেও তিনি গাছের চারা বিতরণ করেন।
গাছের চারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রওশন আরা মহিলা কলেজের অধ্যাপক আবু জাফর ফাইজুল হক, অধ্যাপক শেখ নজরুল ইসলাম, রওশন আরা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিপিকা রানী, সহকারী প্রধান শিক্ষক মো. নুরুজ্জামান প্রমুখ।
চারা বিতরণ শেষে জাহাঙ্গীর আল আজাদ বলেন, “শুধু চারা বিতরণ নয়, এগুলোকে যত্ন করে বড় করে তোলাই আমাদের মূল লক্ষ্য। পরিবেশ রক্ষা ও নতুন প্রজন্মকে সবুজের প্রতি দায়িত্বশীল করে তুলতে এ কার্যক্রম অব্যাহত থাকবে।” তার এই প্রশংসনীয় উদ্যোগকে স্বাগত জানিয়েছেন শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়রা। তাদের মতে, শিক্ষার্থীদের হাতে চারা তুলে দেওয়ার মাধ্যমে পরিবেশ রক্ষার বার্তাটি যেমন ছড়িয়ে পড়ছে, তেমনি ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে প্রকৃতির প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ তৈরি হচ্ছে।