হামের উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি বেড়ে ৯৯৭

নিজস্ব প্রতিবেদন | প্রকাশ: ৭ সেপ্টেম্বর, ২০২৬, ০৫:৪৯ পিএম
হামের উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি বেড়ে ৯৯৭
ছবি: সংগ্রহীত

দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে দুজন ঢাকা বিভাগে এবং একজন খুলনা বিভাগে মারা গেছেন। একই সময়ে হামের উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ১৫৬ জন দেশের বিভিন্ন হাসপাতালে এসেছেন। এর মধ্যে ১ হাজার ১০২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে সোমবার (৭ সেপ্টেম্বর) পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৯৭ জনে।

সোমবার (৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। অধিদপ্তরের হিসাবে, ৯৯৭ জনের মধ্যে হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ৮৯৭ জন। আর পরীক্ষায় নিশ্চিতভাবে হাম শনাক্ত হওয়ার পর মারা গেছেন ১০০ জন। গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে। এ বিভাগে ভর্তি হয়েছেন ৩৫৬ জন। চট্টগ্রামে ২৪৯ জন, সিলেটে ১৫১ জন, বরিশালে ১৩৫ জন এবং ময়মনসিংহে ৮৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ছাড়া খুলনা বিভাগে ৭৯ জন, রাজশাহীতে ৩২ জন এবং রংপুরে ১৪ জন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। সব মিলিয়ে গত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া রোগীর সংখ্যা ১ হাজার ১০২ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৬৫ হাজার ৩০৪ জন রোগী হাসপাতালে এসেছেন। এ সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৪৫ হাজার ২৭০ জন ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১ লাখ ৩৯ হাজার ৮৩১ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

একই সময়ে নতুন করে ৬০ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে দেশে মোট ১৯ হাজার ৭৫৬ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

মৃত্যুর হিসাবেও ঢাকা বিভাগ এগিয়ে রয়েছে। ১৫ মার্চ থেকে হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে ৪০৩ জনের মৃত্যু হয়েছে। সিলেটে মারা গেছেন ১৫৫ জন। এ ছাড়া রাজশাহীতে ৯২, ময়মনসিংহে ৭৫, চট্টগ্রামে ৬৫, বরিশালে ৫৬, খুলনায় ৩৭ এবং রংপুর বিভাগে ১৪ জন হামের উপসর্গ নিয়ে মারা গেছেন।

হামের প্রকোপের মধ্যে রোগ নির্ণয় নিয়েও সীমাবদ্ধতা রয়েছে। দেশে হামের পরীক্ষা করা হয় মহাখালীর জনস্বাস্থ্য ইনস্টিটিউটে। প্রতিদিন সেখানে নির্দিষ্ট সংখ্যক নমুনা পরীক্ষা করা হয়। ফলে সীমিত সংখ্যক নমুনা পরীক্ষার ভিত্তিতে দেশে হাম সংক্রমণের পূর্ণাঙ্গ চিত্র পাওয়া কঠিন বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

হাম সব বয়সী মানুষের হতে পারে। তবে শিশুদের মধ্যে এই রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি বলে রোগতত্ত্ববিদেরা জানিয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত পরিসংখ্যানে মৃত ব্যক্তিদের বয়সভিত্তিক তথ্য প্রকাশ করা হয় না।

আপনার জেলার সংবাদ পড়তে