বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে খাজরা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি অহিদুল মোল্লার অংশগ্রহণের প্রতিবাদে ঝাড়ু ও বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ এবং মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকালে কাপসন্ডা বাজারে খাজরা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন এ কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, গত ৫ সেপ্টেম্বর (শনিবার) আশাশুনি উপজেলা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে খাজরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অহিদুল মোল্লা অংশগ্রহণ করেন। দলের দুঃসময়ে ত্যাগী নেতাদের অবমূল্যায়ন করে এভাবে চিহ্নিত কোনো আওয়ামী লীগ নেতাকে বিএনপির মঞ্চে গ্রহণ করাকে তৃণমূল নেতাকর্মীরা মেনে নেবে না। বিতর্কিত আওয়ামী লীগ নেতা অহিদুল মোল্লা যেন কোনোভাবেই বিএনপিতে অনুপ্রবেশ করতে না পারেন, সে বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে সাবেক ক্রিকেটার ও সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দিনের প্রতি জোর আহ্বান জানান সমাবেশ উপস্থিত নেতৃবৃন্দ।
খাজরা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. বোরহান উদ্দিন বুলুর প্রধান অতিথি হিসেবে উপস্থিতিতে এবং সদস্য সচিব মো. ইউনুছ আলীর সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, উপজেলা মৎস্যজীবী দলের সিনিয়র সহ-সভাপতি ও ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সেলিম মোল্লা, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর সাত্তার গাজী, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শাহ জামাল, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাদের, ইউনিয়ন যুবদলের আহবায়ক মিজানুর রহমান, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ইবাদুল গাজী এবং ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শামসুর রহমান। কর্মসূচিতে অন্যদের মধ্যে ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন, ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম এবং ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোক্তাজুল বিশ্বাসসহ স্থানীয় বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।