সাক্ষর মানে শুধু নাম সই করা নয়

প্রকৃত শিক্ষায় বাড়াতে হবে সচেতনতা: জেলা প্রশাসক

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ৮ সেপ্টেম্বর, ২০২৬, ০২:৫৬ পিএম
প্রকৃত শিক্ষায় বাড়াতে হবে সচেতনতা: জেলা প্রশাসক

"মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা"-এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে চাঁদপুর জেলায় উদযাপিত হয়েছে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে জেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর যৌথ উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান সাক্ষরতার প্রকৃত অর্থ তুলে ধরে বলেন, “আমরা যেন সাক্ষরতা বলতে শুধু স্বাক্ষর করাকে না বুঝি, এই কনসেপ্টটা আমাদের সবার মাঝে ভালো করে থাকার দরকার। সাক্ষরতার প্রকৃত অর্থ হলো একজন মানুষকে পড়তে, লিখতে ও প্রয়োজনীয় বিষয় বুঝতে সক্ষম করে তোলা।”

শিক্ষা মানুষের জীবনযাত্রার মান পরিবর্তনের মূল হাতিয়ার উল্লেখ করে তিনি আরও বলেন, “শিক্ষা ও সাক্ষরতার মাধ্যমে মানুষের সচেতনতা বাড়ে, নিজের অধিকার ও দায়িত্ব সম্পর্কে জানতে পারে এবং সমাজ ও দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারে। তাই সমাজকে আলোকিত ও নিরক্ষরতা দূরীকরণে সরকারি উদ্যোগের পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।”

জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মুহাম্মদ মোছাদ্দেক হোসেনের সভাপতিত্বে ও সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. হাবীবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাজমুন নাহার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খাইরুল কবীর, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম এন জামিউল হিকমা এবং জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ। এছাড়াও বক্তব্য রাখেন চাঁদপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি শাহাদাত হোসেন শান্ত, আক্কাস আলী রেলওয়ে একাডেমির প্রধান শিক্ষক মো. গোফরান হোসেন ও হিন্দুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল হাসেম।

বক্তারা বলেন, একটি শিক্ষিত ও সমৃদ্ধ সমাজ গঠনে নিরক্ষরতা দূরীকরণ এবং সবার জন্য শিক্ষার সুযোগ নিশ্চিত করার কোনো বিকল্প নেই। র‌্যালি ও আলোচনা সভায় জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

আপনার জেলার সংবাদ পড়তে