শ্রীলঙ্কার কাছে একে তো হার জুটেছে, সাথে এবার যুক্ত হলো জরিমানা। এশিয়া কাপে বাংলাদেশ নারী দলকে জরিমানা করা হয়েছে। মূলত স্লো ওভার রেট বা ধীর গতির বোলিংয়ের কারণেই নিগার সুলতানা জ্যোতির দলকে এই জরিমানা করেছেন ম্যাচ রেফারি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানিয়েছে, “দুবাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে নারী এশিয়া কাপের ‘বি’ গ্রুপের ম্যাচে ধীর ওভার রেটের কারণে বাংলাদেশ দলের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হয়েছে।” নির্ধারিত সময়ে বাঘিনীরা ১ ওভার পিছিয়ে ছিল। নিয়ম অনুযায়ী, প্রতি ওভার কমতির জন্য ৫ শতাংশ অর্থ জরিমানা করা হয়। এমিরেটস ইন্টারন্যাশনাল প্যানেল অব ম্যাচ রেফারিজের সদস্য জি.এস. লক্ষ্ণী বাংলাদেশ দলের ১ ওভার পিছিয়ে থাকার প্রতিবেদন দাখিল করলে এর ধারাবাহিকতায় এই শাস্তি আরোপ করা হয়। জ্যোতি অবশ্য তার ও দলের বিরুদ্ধে আনা ধীর বোলিংয়ের অভিযোগ মেনে নিয়েছেন, তাই কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি। এই ম্যাচের দুই অন ফিল্ড আম্পায়ার বৃন্দা রাঠি ও হুমাইরা ফারাহ, তৃতীয় আম্পায়ার সালিমা ইমতিয়াজ এবং চতুর্থ আম্পায়ার রাবাব আহসান বাংলাদেশের বিরুদ্ধে এই অভিযোগ আনেন। আইসিসির আচরণবিধির ২.২২ ধারা অনুযায়ী, নির্ধারিত সময়ে ন্যূনতম ওভার রেট পূরণে ব্যর্থ হলে প্রতি ওভারের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হয়।