রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সক্রিয় কর্মী বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, গত ৭ সেপ্টেম্বর ভোর সাড়ে ৫টার দিকে ভদ্রা মোড় এলাকায় নিষিদ্ধ সংগঠনগুলোর কর্মীরা ব্যানার নিয়ে ঝটিকা মিছিল বের করেন। এ সময় তাঁরা উসকানিমূলক স্লোগান দেন এবং স্থানীয় লোকজনকে ভয়ভীতি ও হুমকি দেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় ছয়জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করে বোয়ালিয়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়।
মামলার তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে ৮ সেপ্টেম্বর বিকেল সোয়া ৪টার দিকে রাজপাড়া থানার কাজীহাটা এলাকা থেকে সোহান ইসলাম ওরফে নিশান (২৬), একই দিন সন্ধ্যা সোয়া ৭টার দিকে পঞ্চবটি এলাকা থেকে অন্তু (২৩) এবং ৯ সেপ্টেম্বর রাত ১২টার দিকে টিটিসি মোড় এলাকা থেকে রাসেল হোসেন রানা (৩০) কে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদ ও আইনগত প্রক্রিয়া শেষে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।