পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের অভয়ারণ্য এলাকায় অবৈধভাবে মাছ ধরার সময় তিন দিনের ব্যবধানে দুটি অভিযানে বনরক্ষীরা ৪টি নৌকা, জাল ও ৯ জেলেকে আটক করেছে।
বন বিভাগ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব বন বিভাগ বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তার (ডিএফও) নির্দেশে বুধবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে শরণখোলা রেঞ্জের শেলারচর টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে বনরক্ষীরা শেলারচর টহল ফাঁড়ির এলাকায় মাছ ধরা নিষিদ্ধ ছাপড়াখালি খালে অভিযান চালিয়ে মাছ ধরারত জেলেদের দেখতে পেয়ে দুই জেলে নৌকা থেকে লাফিয়ে পড়ে সুন্দরবনের মধ্যে পালিয়ে যায়। এ সময় বনরক্ষীরা দুই জেলেকে দুটি নৌকা ও জালসহ হাতেনাতে আটক করতে সক্ষম হয়। আটক জেলেরা হচ্ছে, শরণখোলা উপজেলার সোনাতলা গ্রামের সরোয়ার হোসেন (৩০) ও আইয়ুব আলী(২৮)।
অপরদিকে শরণখোলা রেঞ্জের স্মার্ট টিমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানায় ৭ সেপ্টেম্বর একই রেঞ্জের সুপ্রতি স্টেশনের বাদামতলা এলাকায় অভয়ারণ্য খাল থেকে ৭ জেলেকে আটক করা হয়েছে। এ সময় দরাজাল ও দুটি নৌকা জব্দ করা হয়। আটক জেলেরা হল মনির গাজী, জামাল গাজী,রিয়াদুল গাজী, মোশারফ তালুকদার,আব্দুল জলিল ও জাকির হাওলাদার। এদের বাড়ি শরণখোলা উপজেলার বিভিন্ন গ্রামে।
সুন্দরবন পূর্ব বনবিভাগ বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোঃ রেজাউল করিম চৌধুরী বলেন, আটক জেলেরা বনআইন অমান্য করে অভয়ারণ্যের নিষিদ্ধ খালে মাছ ধরছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। সুন্দরবনের সব ধরনের অপরাধ দমনে বনরক্ষীদের পাশাপাশি স্মার্ট টিমের টহল জোরদার করা হয়েছে ।