গফরগাঁওয়ে বর্ণাঢ্য আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

এফএনএস (রফিকুল ইসলাম খান; গফরগাঁও, ময়মনসিংহ) : | প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:৩৯ পিএম
গফরগাঁওয়ে বর্ণাঢ্য আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের গফরগাঁওয়ে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে গফরগাঁও হাসপাতাল রোডস্থ দলীয় কার্যালয়ে এই কর্মসূচি পালিত হয়। ​গফরগাঁও উপজেলা মহিলা দলের সভাপতি অ্যফসানা মিমির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদিকা তানজিলা আক্তার শারমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও আসন্ন গফরগাঁও পৌরসভার মেয়র পদপ্রার্থী মোঃ ফখরুল হাসান ফখরুল।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ ফখরুল হাসান ফখরুল বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে নারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া থেকে শুরু করে তৃণমূলের অসংখ্য নারী নেতাকর্মী গণতন্ত্র, মানুষের অধিকার ও ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সাহসিকতার সঙ্গে ভূমিকা রেখেছেন।

​মহিলা দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার তাগিদ দিয়ে তিনি বলেন, দলের প্রতিটি নেতাকর্মীকে মানুষের পাশে দাঁড়াতে হবে এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের অংশীদার হতে হবে। কোনো অন্যায়, অবিচার ও নিপীড়নের কাছে মাথা নত না করে জনগণের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

​আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা মহিলা দলের সহ সভাপতি  জোৎস্না, শাহানাজ আক্তার, সাবেক সাধারণ সম্পাদিকা তাহামিন নাহার বেবি। আলোচনা সভায় বক্তারা সংগঠনের সার্বিক কার্যক্রম জোরদার করা এবং দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে মহিলাদের ভূমিকা ও অধিকার রক্ষায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সভা শেষে উপজেলা দলীয় কার্যালয় থেকে মহিলা দলের নেতাকর্মীদের একটি বিশাল র‌্যালি বের হয়। র‌্যালিটি গফরগাঁও পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে এসে শেষ হয়।

আপনার জেলার সংবাদ পড়তে