প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির অংশ হিসেবে হবিগঞ্জের মাধবপুর উপজেলায় আনুষ্ঠানিকভাবে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করা হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলা সদরে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মেহেদী হাসান।
এ সময় শিক্ষা কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম, পৌর বিএনপি সাধারন সম্পাদক আলাউদ্দিন আল রনি, সহকারি প্রকৌশলী ববি মজুমদার, প্রধান শিক্ষক আক্তার মিয়া, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উদয় শংকর, সহকারি শিক্ষক সুলাইমান মিয়া, ছাত্রদল নেতা ইমন খান, মোঃ জুয়েল মিয়াসহ স্কাউট শিক্ষার্থীবৃন্দ।
বক্তারা বলেন ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং কোথাও যেন পানি জমে এডিস মশার প্রজনন ক্ষেত্র তৈরি না হয়, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে। ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়; এ ক্ষেত্রে জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সাধারণ জনগণের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন। নিজ নিজ বাড়ি, প্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ডেঙ্গুর প্রাদুর্ভাব রোধে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি জনসাধারণকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।