সারা দেশের ন্যায় পাবনাতেও শুরু হয়েছে তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’। ডেঙ্গুর প্রাদুর্ভাব রোধ, মশার প্রজননস্থল ধ্বংস এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ অভিযান পরিচালিত হবে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে সারাদেশে একযোগে এ কর্মসূচি শুরু হয়। পাবনা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে কর্মসূচির উদ্বোধনে অংশ নেন জেলা প্রশাসনের কর্মকর্তারা ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
পাবনা জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ, জেলা পরিষদের প্রশাসক জহুরুল ইসলাম বিশু, সিভিল সার্জন ডাঃ আবুল কালাম আজাদ, জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার, জেলা জামায়াতের নায়েবে আমির প্রিন্সিপাল ইকবাল হুসাইনসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা। অভিযানের আওতায় জেলার বিভিন্ন এলাকায় ডেঙ্গুর সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে ধ্বংস করা, নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা, মশার বংশবিস্তার রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগই যথেষ্ট নয়; ব্যক্তি, পরিবার ও সামাজিক পর্যায়েও সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বাড়ির আশপাশে পানি জমতে না দেওয়া এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার মাধ্যমে ডেঙ্গুর বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব।