সারাদেশের মতো মৌলভীবাজারের শ্রীমঙ্গলেও ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ শুরু হয়েছে। দেশব্যাপী এ কর্মসূচির ধারাবাহিকতায় শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ও শ্রীমঙ্গল পৌরসভার সহযোগিতায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম শুরু করা হয়। এ কর্মসূচির মাধ্যমে পৌর এলাকার বিভিন্ন স্থানে জমে থাকা পানি ও মশার প্রজননস্থল পরিষ্কার-পরিচ্ছন্ন করার পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে। এ উপলক্ষে শনিবার সকাল ১০টায় একটি সচেতনতামূলক র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে পৌর এলাকার বিভিন্ন স্থানে আগাছা, জমে থাকা পানি, ঝোপ-ঝাড় ও জঙ্গল পরিষ্কার করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মিনহাজুল ইসলাম। এ সময় তিনি বলেন, “ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসন বা পৌরসভার একার পক্ষে কাজ করা সম্ভব নয়। প্রত্যেক নাগরিককে নিজ নিজ বাড়ি, আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে। কোথাও যাতে পানি জমে এডিস মশার প্রজননস্থল তৈরি না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। সম্মিলিতভাবে পরিচ্ছন্নতা বজায় রাখতে পারলেই ডেঙ্গুর বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব।” আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আলম সিদ্দিকী, যুগ্ম আহ্বায়ক ইয়াকুব আলী, শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর, জনস্বাস্থ্য প্রকৌশলী মো. সাইফুল ইসলাম প্রমুখ।
শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম বলেন, “ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। পৌরসভার পক্ষ থেকে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। তবে নাগরিকদের সহযোগিতা ছাড়া এ কার্যক্রম পুরোপুরি সফল করা সম্ভব নয়। সবাইকে নিজ নিজ বাসাবাড়ি ও কর্মস্থলের আশপাশে জমে থাকা পানি, পরিত্যক্ত পাত্র, ডাবের খোসা ও অন্যান্য মশার প্রজননস্থল দ্রুত অপসারণ করতে হবে।” এছাড়াও স্কাউট, বিএনসিসি, সাংবাদিক, পৌরসভার বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কর্মসূচিতে অংশ নেন।