পরিচ্ছন্নতা শুধু প্রশাসন বা কোনো নির্দিষ্ট সংগঠনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব। তরুণদের এমন স্বেচ্ছাসেবী উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেছেন বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়ন পরিষদ সংলগ্ন রাজারবের খালে বিডি ক্লিনের স্বেচ্ছাসেবীদের নিয়ে খাল পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বিডি ক্লিনের স্বেচ্ছাসেবীদের সঙ্গে বাবুগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদেরও এ ধরনের সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রমে অংশ নেওয়ার আহ্বান জানান।
এমপি জয়নুল আবেদীন বলেন, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে শুধু প্রশাসনের ওপর নির্ভর করলে হবে না। সমাজের প্রতিটি শ্রেণি-পেশার মানুষকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব নিতে হবে। বিশেষ করে তরুণদের নেতৃত্বে এ ধরনের উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে পরিবেশ রক্ষায় উৎসাহিত করবে।
বরিশাল জেলা প্রশাসক মো. মানুন খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন। সভায় আরও বক্তব্য দেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মো. সুলতান আহমেদ খান ও সদস্য সচিব মো. ওয়াহিদুল ইসলাম প্রিন্স। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাবুগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মিজানুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুন্নাহার তামান্না, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নাজমুল সালেহীন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সোহেলসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মী, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।
বাবুগঞ্জকে পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব উপজেলা হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা উল হুসনা। কর্মসূচিটি সফল করতে তিনি বেশ কিছুদিন ধরে সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় ও প্রস্তুতির কাজ করে আসছিলেন। কর্মসূচির অংশ হিসেবে বিডি ক্লিনের স্বেচ্ছাসেবীরা রাজারবের খাল ও এর আশপাশে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন। মাধবপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি অহিদুল ইসলাম খানের নেতৃত্বে একাধিক দল এবং বিডি ক্লিন বরিশাল অঞ্চলের সমন্বয়ক জায়েদ ইরফানের নেতৃত্বে সংগঠনটির স্বেচ্ছাসেবীরাও পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকেও একাধিক দল এতে অংশ নেয়।
পরে দুপুর ১২টার দিকে মাধবপাশা চন্দ্রদ্বীপ স্কুল অ্যান্ড কলেজের কয়েক শ শিক্ষার্থীর মধ্যে বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা বিতরণ করেন এমপি জয়নুল আবেদীন। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, রাজারবের খালটি বাবুগঞ্জের শত বছরের পুরোনো একটি নৌপথ। বাবুগঞ্জ বাজারসংলগ্ন সুগন্ধা নদী থেকে শুরু হয়ে মাধবপাশার মধ্য দিয়ে খালটি ঝালকাঠি জেলার বিষখালী ও কালিজিরা নদীর মোহনায় গিয়ে মিলিত হয়েছে।
একসময় এ খাল দিয়ে যাত্রীবাহী লঞ্চসহ বিভিন্ন ধরনের পণ্যবাহী নৌযান চলাচল করত। ব্যবসা-বাণিজ্য ও যোগাযোগের ক্ষেত্রে খালটির গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তবে সময়ের সঙ্গে ময়লা-আবর্জনা জমা ও নাব্যতা কমে যাওয়ায় খালটির স্বাভাবিক প্রবাহ ও পুরোনো ঐতিহ্য অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্থানীয়রা বলছেন, শুধু একদিনের পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম নয়, খালটির দখল ও দূষণ রোধ, নিয়মিত পরিচর্যা এবং নাব্যতা ফিরিয়ে আনতে দীর্ঘমেয়াদি উদ্যোগ প্রয়োজন। এ ধরনের সামাজিক ও স্বেচ্ছাসেবী কার্যক্রম খাল রক্ষার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে পরিবেশ সচেতনতা তৈরিতে ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।