বরিশালে একদিনে ডেঙ্গু আক্রান্ত ২১১ রোগীর হাসপাতালে ভর্তি

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ১২:০৬ পিএম
বরিশালে একদিনে ডেঙ্গু আক্রান্ত ২১১ রোগীর হাসপাতালে ভর্তি

বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় ২১১ জন নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে সুস্থ্য হয়ে ছাড়পত্র পেয়েছেন ১৬৯ জন। তবে এ সময়ে ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ৫২০ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. রেফায়েতুল হায়দার শনিবার (১২ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন। প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বরিশাল জেলায় ১৩ জন, পটুয়াখালীতে ১৫ জন, পটুয়াখালীর শেখ হাসিনা মেডিক্যাল কলেজ হাসপাতালে সাতজন, ভোলায় ১৬ জন, পিরোজপুরে ৬৪ জন, বরগুনায় ২৭ জন, ঝালকাঠিতে ৪২ জন এবং বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ২৭ জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে বরিশালে ১০ জন, পটুয়াখালীতে ছয়জন, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ১২ জন, ভোলায় ১০ জন, পিরোজপুরে ৪৩ জন, বরগুনায় ২৪ জন, ঝালকাঠিতে ৫২ জন এবং শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ১২ জন রোগী ছাড়পত্র পেয়েছেন।

সূত্রমতে, চলতি বছরের পহেলা জানুয়ারি থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত বরিশাল বিভাগে মোট ৮ হাজার ১১৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে ৭ হাজার ৫৮৪ জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন। এ সময়ে ডেঙ্গুতে ১২ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৫২০ জন। জেলা ও হাসপাতালভিত্তিক হিসেবে, এ পর্যন্ত বরিশালে ৮২৯ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৭৮৯ জন ছাড়পত্র পেয়েছেন এবং বর্তমানে ৪০ জন চিকিৎসাধীন রয়েছেন। পটুয়াখালীতে ভর্তি ৭৭৬ জনের মধ্যে ৭১৬ জন সুস্থ হয়েছেন, বর্তমানে চিকিৎসাধীন ৬০ জন। পটুয়াখালী শেখ হাসিনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৪৩ জন; ছাড়পত্র পেয়েছেন ৩১৭ জন এবং চিকিৎসাধীন রয়েছেন ২৬ জন। ভোলায় মোট ৪৬৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৪৩৫ জন ছাড়পত্র পেয়েছেন এবং ৩১ জন চিকিৎসাধীন রয়েছেন। পিরোজপুরে ভর্তি হয়েছেন ২ হাজার ১৫৫ জন, ছাড়পত্র পেয়েছেন ২ হাজার ৪৩ জন এবং বর্তমানে চিকিৎসাধীন ১১১ জন। এ জেলায় একজনের মৃত্যু হয়েছে। বরগুনায় এ পর্যন্ত ১ হাজার ১০৭ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১ হাজার ৪৪ জন ছাড়পত্র পেয়েছেন এবং ৬৩ জন চিকিৎসাধীন। ঝালকাঠিতে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৬৬ জন; ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৮১৫ জন এবং চিকিৎসাধীন ৫০ জন। ঝালকাঠিতে ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে।

বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে এ পর্যন্ত ৫৭৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এরমধ্যে ৪২৫ জন ছাড়পত্র পেয়েছেন এবং বর্তমানে ১৩৯ জন চিকিৎসাধীন রয়েছেন। এ হাসপাতালে ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য বিভাগের হিসেব অনুযায়ী, বিভাগে মোট ৮ হাজার ১১৬ ডেঙ্গু রোগীর মধ্যে ৭ হাজার ৫৮৪ জন সুস্থ্য হয়ে ছাড়পত্র পেয়েছেন এবং ১২ জনের মৃত্যু হয়েছে। ফলে বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫২০ জন।

আপনার জেলার সংবাদ পড়তে