নাচোলে এক ইউএনও দিয়েই থ্রি-ইন-ওয়ান পদ্ধতিতে চলছে ৩টি সরকারি প্রতিষ্ঠান

এফএনএস (মোঃ আবদুস সাত্তার; নাচোল, চাঁপাইনবাবগঞ্জ) : | প্রকাশ: ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:২৫ পিএম
নাচোলে এক ইউএনও দিয়েই থ্রি-ইন-ওয়ান পদ্ধতিতে চলছে ৩টি সরকারি প্রতিষ্ঠান

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে এক ইউএনও দিয়েই থ্রি-ইন-ওয়ান পদ্ধতিতে চলছে উপজেলা প্রশাসন, উপজেলা ভুমি অফিস ও নাচোল পৌরসভা। ফলে স্থবির হয়ে পড়েছে নাচোল পৌরসভা ও উপজেলা ভুমি অফিসের স্বাভাবিক কার্যক্রম। এ অবস্থায় সেবাবঞ্চিত উপজেলার লক্ষাধিক মানুষের দিন কাটছে চরম ভোগান্তিতে। নাচোল উপজেলা ভুমি অফিসে সহকারি কমিশনার (ভুমি) না থাকায় জমির নামজারি করতে গিয়ে দিনের পর দিন ঘুরেও কাজ না হওয়ার অভিযোগ পাওয়া যাচ্ছে অনেক ভুক্তভোগীর কাছ থেকে। অপর দিকে মাসের পর মাস নাচোল পৌরসভায় সুপেয় পানির সংকট ও বর্ষায় জলাবদ্ধতা এবং মশক নিধন অভিযান বন্ধ থাকায় ডেঙ্গুসহ নানান পানিবাহিত রোগের উচ্চ ঝুঁকিতে রয়েছে পুরো পৌর এলাকাবাসী। 

সুত্রমতে, পানি সরবরাহ লাইনে ত্রুটি, পাম্প রক্ষণাবেক্ষণ ও প্রতিস্থাপনের অভাবে পৌরসভার ১,৩,৫,৭ ও ৮নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত ইসলামপুর, শিবপুর শিয়ালা, মুরাদপুর এবং রেল স্টেশন এলাকায় নিরবছিন্ন পানি সরবরাহ ব্যবস্থা কার্যত অচল হয়ে পড়েছে। অপর দিকে এলাকায় হস্তচালিত নলকুপ-ইন্দারা নাথাকায় দূর-দূরান্ত থেকে বিকল্প উপায়ে খাবার পানি সংগ্রহ করতে হচ্ছে পৌরবাসীকে। এ অবস্থায় তীব্র গরমে সুপেয় পানির এই সংকটে গৃহস্থালিসহ দৈনন্দিন স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। 

পৌরসভার প্রধান সড়কসহ অভ্যন্তরীণ ড্রেনেজ ব্যবস্থায় দীর্ঘদিন সংস্কার ও পরিচ্ছন্নতা অভিযান চালু না থাকায় পলি ও বার্জ্য জমে ভরাট ও অচল হয়ে পড়েছে ড্রেনেজ ব্যবস্থা। সামান্য বৃষ্টিতেই পৌর এলাকায় তৈরি হচ্ছে কৃত্রিম জলাবদ্ধতা। এছাড়া গত প্রায় ৮-৯ মাস ধরে পৌর এলাকায় মশক নিধন ও ফগার মেশিন পরিচালনা সম্পূর্ণ বন্ধ রয়েছে। ফলে জমে থাকা ড্রেনের পানিতে মশার বংশবৃদ্ধির পাশাপাশি ডেঙ্গু, ডায়রিয়াসহ পানিবাহিত নানান রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা বিরাজ করছে।

নাচোল পৌরসভার বর্তমান প্রশাসক উপজেলা প্রশাসন ও ভুমি অফিসের দাপ্তরিক কাজে ব্যস্ত থাকায় পৌর কার্যালয়ে নিয়মিত সময় দিতে না পারায় জন্ম ও মৃত্যু নিবন্ধন, নাগরিকত্ব সনদ, ওয়ারিশন সনদ এবং অন্যান্য জরুরি কাগজপত্র পেতে সেবাগ্রহীতাদের দিনের পর দিন ঘুরতে হচ্ছে এমন অভিযোগ পাওয়া যাচ্ছে পৌর নাগরিকদের পক্ষ থেকে। বিশেষ করে শিক্ষার্থীদের ভর্তি ও পাসপোর্ট সংক্রান্ত কাজে নাগরিকরা চরম বিপাকে পড়েছেন।

পৌরবাসীর দাবি: অবিলম্বে পাম্প ও পানি সরবরাহ লাইন সংস্কার, নিয়মিত ড্রেন পরিষ্কার, মশক নিধন ও ওষুধ ছিটানো এবং জন্মনিবন্ধনসহ অন্যান্য নাগরিক সেবা দ্রুত নিশ্চিত করতে জেলা প্রশাসক ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন পৌরবাসী।

এ বিষয়ে পৌর প্রশাসক ও উপজেলা  নির্বাহী অফিসার  প্রিয়াংকা দাস জানান, একজন করামকর্তা দিয়ে সরকারের ৩টি গুরুত্বপুর্ণ প্রতিষ্ঠান পরিচালনা করতে গিয়ে স্বাভাবিক কর্যক্রমে ছন্দপতন ঘটতে পারে, তবে যথাযত ভাবে নাচোলের নাগরিকসেবা প্রদানের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।


আপনার জেলার সংবাদ পড়তে