চাঁদপুরে বিচারক প্রত্যাহারের দাবিতে আইনজীবীদের বিক্ষোভ ও কর্মসূচি

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:১৩ পিএম
চাঁদপুরে বিচারক প্রত্যাহারের দাবিতে আইনজীবীদের বিক্ষোভ ও কর্মসূচি

​চাঁদপুরে অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও অশোভন আচরণের অভিযোগে তিন বিচারককে অনতিবিলম্বে প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন জেলা আইনজীবী সমিতির সদস্যরা। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় জেলা আইনজীবী সমিতির ব্যানারে আদালত প্রাঙ্গণে এই কর্মসূচি পালিত হয়। এর আগে গত ৯ সেপ্টেম্বর সমিতির এক জরুরি সাধারণ সভায় ওই তিন বিচারকের আদালত বর্জনের সিদ্ধান্ত নেওয়া হয় এবং ১৩ ও ১৪ সেপ্টেম্বর মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। আন্দোলনের মুখে থাকা তিন বিচারক হলেন—চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুজাহিদুর রহমান, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট-১-এর বিচারক পলাশ বর্ধন এবং সদর সিনিয়র সিভিল জজ আদালতের বিচারক শম্পা ইসলাম। জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শামছুল ইসলাম মন্টুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাকির হোসেন তালুকদার ফয়সালের পরিচালনায় কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট বাবর বেপারী ও সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. জসিম মেহেদী। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, অভিযুক্ত বিচারকরা পেশাগত কার্যক্রমে আইনজীবীদের সাথে সমন্বয় না করে নানাভাবে বাধা সৃষ্টি করছেন এবং স্বেচ্ছাচারিতা চালাচ্ছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে নেতারা আগামীকালের জন্যও বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রাখার কথা জানান। প্রতিবাদ সমাবেশ শেষে আইনজীবীদের একটি দল আদালত ও জেলা প্রশাসক কার্যালয় এলাকা প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে কর্মসূচি সমাপ্ত করেন।

আপনার জেলার সংবাদ পড়তে