বেড়েই চলেছে গ্রিন ফিল্ড ইন্টা. স্কুল এন্ড কলেজের সাফল্যের ভান্ডার। এবারও নটরডেম কলেজে সর্বোচ্চ সংখ্যক ৬ জন ও সেন্ট যোসেফ কলেজে ১ জন এইচএসসি ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে ভর্তি হওয়ার সুযোগ পেয়ে তারা সেরা মেধার স্বাক্ষর রেখেছেন।
প্রতিষ্ঠানটি গাইবান্ধার পলাশবাড়ী পৌরশহরের ঐতিহ্যবাহী ও সেরা শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে সুপরিচিত। মেধা ও সাফল্যের ধারাবাহিকতায় এবারও দৃষ্টান্ত স্থাপন করেছে পলাশবাড়ীর গ্রীন ফিল্ড ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ। দেশের স্বনামধন্য দুই শিক্ষাপ্রতিষ্ঠান নটরডেমে ৬ জন ও সেন্ট যোসেফ কলেজে ১ জন ভর্তির সুযোগ পেয়েছেন এই প্রতিষ্ঠানটির মেধাবী শিক্ষার্থীরা। সুযোগ পাওয়া মেধাবীরা হলেন, নটরডেম কলেজে মো. আরহাম কবির, শাহরিয়া সাফিন, রিদওয়ান সরকার, মো. ফারহান মন্ডল লাবিব, মো. ফারদিন মন্ডল লামিম, শীতল আরব এবং সেন্ট যোসেফ কলেজে মো. রাগিব ইসরাগ সমৃদ্ধ।
ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীদের এ অর্জন প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম ও শিক্ষার্থীদের মেধার সক্ষমতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে। শিক্ষার্থীদের এ সাফল্যের পেছনে রয়েছে তাদের দীর্ঘদিনের পরিশ্রম, নিয়মিত পড়াশোনা, আত্মনিষ্ঠা ও প্রতিযোগিতামূলক প্রস্তুতি। পাশাপাশি শিক্ষক-শিক্ষিকাদের আন্তরিক দিক-নির্দেশনা এবং অভিভাবকদের সার্বিক সহযোগিতাও এই অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলেই স্থানীয় অভিভাবকরা জানান। এ অর্জনে গ্রীন ফিল্ড ইন্টা. স্কুল এন্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও শুভাকাঙ্খীদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস বিরাজ করছে। শিক্ষার্থীদের সাফল্য নিয়ে অত্র প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ মাহফুজ সিদ্দিকী বলেন, শিক্ষার্থীদের পরিশ্রম ও একনিষ্ঠতা, শিক্ষকদের কর্মনিষ্ঠা ও আন্তরিকতা, অভিভবাকদের সচেতনতা ও সহযোগীতার সমন্বয়েই আজকের এই সাফল্য। এই সাফল্যের ধারাবাহিকতা দিনকে দিন বাড়ছে এবং ভবিষ্যতে আরও বাড়বে এমনটাই প্রত্যাশা করে মেধাবী শিক্ষার্থীদের অভিনন্দন জানান তিনি। কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে প্রতিষ্ঠানের অধ্যক্ষ রামদেব চন্দ্র সরকার বলেন, শিক্ষার্থীদের সাফল্যই একটি শিক্ষা প্রতিষ্ঠানের সবচেয়ে বড় অর্জন। ভবিষ্যতেও আরও বেশি শিক্ষার্থী দেশের সেরা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ভর্তির সুযোগ পাবে-এমন প্রত্যাশাই করছি।