ডেঙ্গু প্রতিরোধে চারঘাটে পরিচ্ছন্নতা অভিযান

এফএনএস (মো: সজিব ইসলাম; চারঘাট, রাজশাহী) : | প্রকাশ: ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ০২:২৩ পিএম
ডেঙ্গু প্রতিরোধে চারঘাটে পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে রাজশাহীর চারঘাট উপজেলার নিমপাড়া এলাকায় গণসচেতনতা ও গণঅংশগ্রহণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এ কর্মসূচির আয়োজন করে নিমপাড়া ইউনিয়নের খালেদা জিয়া স্মৃতি যুব সংঘ। কর্মসূচিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার পাশাপাশি স্থানীয় জনগণের মধ্যে সচেতনতামূলক বার্তা প্রচার করা হয়।

নিমপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম বিপ্লবের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চারঘাট-বাঘা আসনের সংসদ সদস্য (এমপি) আবু সাঈদ চাঁদ। প্রধান অতিথির বক্তব্যে আবু সাঈদ চাঁদ ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, মশার প্রজননস্থল ধ্বংস এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই। তিনি সপ্তাহে অন্তত এক ঘণ্টা সময় দিয়ে নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহী জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সাব্বির হোসেন মুকুট, নিমপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, নিমপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিজানসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ। কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এ সময় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা চালানো হয় এবং অংশগ্রহণকারীরা পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন। বক্তারা ডেঙ্গুমুক্ত ও সুস্থ সমাজ গঠনে জনসচেতনতা ও গণঅংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

আপনার জেলার সংবাদ পড়তে