সুন্দরগঞ্জে হোমিওপ্যাথি ডাক্তার এসোসিয়েশনের ফ্রি চিকিৎসা ক্যাম্প

এফএনএস (মোঃ ইমদাদুল হক; সুন্দরগঞ্জ, গাইবান্ধা) : | প্রকাশ: ২০ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:২৫ পিএম
সুন্দরগঞ্জে হোমিওপ্যাথি ডাক্তার এসোসিয়েশনের ফ্রি চিকিৎসা ক্যাম্প

গাইবান্ধার সুন্দরগঞ্জে অসহায়, দরিদ্র ও নিম্নআয়ের মানুষের জন্য বিনামূল্যে হোমিওপ্যাথিক চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেছে সুন্দরগঞ্জ উপজেলা হোমিওপ্যাথি ডাক্তার এসোসিয়েশন। রোববার (২০ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার বালারছিড়া চৌরাস্তা মোড়ে চিকিৎসক দেবেন্দ্রনাথ সরকারের চেম্বার ‘বাবু হোমিও হল’-এ এ ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।

ক্যাম্পে উপজেলার বিভিন্ন এলাকার নারী, পুরুষ ও বিভিন্ন বয়সী শতাধিক রোগী চিকিৎসাসেবা গ্রহণ করেন। রোগীদের প্রয়োজন অনুযায়ী চিকিৎসকের পরামর্শ, রোগ নির্ণয় এবং প্রয়োজনীয় হোমিওপ্যাথিক ওষুধ বিনামূল্যে প্রদান করা হয়। বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ পেয়ে অসহায় ও নিম্নআয়ের মানুষের মধ্যে স্বস্তি দেখা যায়। ফ্রি চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন সুন্দরগঞ্জ উপজেলা হোমিওপ্যাথি ডাক্তার এসোসিয়েশনের সভাপতি ডা. এস. এম. মঞ্জুরুল আলম। ক্যাম্পটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও মিতা-মুকুল হোমিও হলের প্রতিষ্ঠাতা ডা. মোঃ আতাউর রহমান মুকুল।

চিকিৎসাসেবা কার্যক্রমে অংশ নেন এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সদস্য ডা. বিনোদ বিহারী দাস, ডা. মোঃ আফছার আলী তোতা, ডা. মোঃ সাদেকুল ইসলাম, ডা. মোঃ সুরুজ্জামান রাঙ্গা, ডা. মনিন্দ্র চন্দ্র সরকার, ডা. মোঃ খালেকুজ্জামান সরকার, ডা. তহমিনা আকতার,  ও চিকিৎসক. দেবেন্দ্রনাথ সরকার সহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

চিকিৎসাসেবা প্রদানকালে চিকিৎসকরা বলেন, “মানবসেবাই আমাদের মূল লক্ষ্য। সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে তাদের চিকিৎসাসেবা নিশ্চিত করা একজন চিকিৎসকের নৈতিক দায়িত্ব।” তারা জানান, প্রত্যন্ত এলাকার মানুষের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা সহজলভ্য করার লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, প্রত্যন্ত এলাকার নিম্নআয়ের মানুষের জন্য এ ধরনের বিনামূল্যের চিকিৎসা ক্যাম্প অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থের অভাবে অনেক দরিদ্র মানুষ সময়মতো চিকিৎসকের কাছে যেতে পারেন না। ফলে স্থানীয় পর্যায়ে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ পাওয়ার এ উদ্যোগ তাদের জন্য সহায়ক ভূমিকা রাখছে। ক্যাম্পে চিকিৎসাসেবার পাশাপাশি রোগীদের স্বাস্থ্যবিষয়ক বিভিন্ন পরামর্শ ও সচেতনতামূলক দিকনির্দেশনাও দেওয়া হয়। সকাল থেকেই রোগীদের উপস্থিতিতে ক্যাম্প প্রাঙ্গণে প্রাণচাঞ্চল্য দেখা যায়।

আয়োজকরা জানান, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করার পাশাপাশি স্বাস্থ্যসচেতনতাজ বৃদ্ধিতে সুন্দরগঞ্জ উপজেলা হোমিওপ্যাথি ডাক্তার এসোসিয়েশনের এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে। মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

আপনার জেলার সংবাদ পড়তে