পাবনার চাটমোহরে পুকুরের পানিতে ডুবে এক সঙ্গে দুই শিশুর মৃত্যু হয়েছে। গত শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের আটলংকা দক্ষিণ সেনগ্রামে এ দূর্ঘটনা ঘটে। মৃত দুই শিশু হলো,ওই গ্রামের মজিবর রহমানের ছেলে হুজাইফা রহমান (৭) ও রুবেল হোসেনের ছেলে মাহফুজ (৬)। দুই শিশুর করুণ মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্বজনরা জানান,শনিবার বিকেল ৩টার দিকে আটলংকা দক্ষিণ সেনগ্রামে জনু মেম্বর নামের এক ব্যক্তির পুকুরে গোসল করতে নামে প্রতিবেশী ও সমবয়সী দুই শিশু হুজাইফা ও মাহফুজ। গোসল করার এক পর্যায়ে সাঁতার না জানায় দু’জনেই পানিতে তলিয়ে যায়। দীর্ঘ সময় বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে বিকেল সাড়ে ৫টার দিকে ওই দুই শিশুর মৃতদেহ পানিতে ভেসে উঠলে তাদের উদ্ধার করে পার্শ্ববর্তী আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান জানান, এক সঙ্গে দুই শিশুর পানিতে ডুবে মৃত্যুর বিষয়টি খুবই কষ্টদায়ক। অভিভাবকদের আরো সচেতন হওয়া প্রয়োজন।