যশোরের মণিরামপুরে বালিধা-পাঁচাকড়ি দাখিল মাদ্রাসার মাঠের মাঝ থেকে রাস্তা অপসারন ও সুপার-শিক্ষককের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন করেছে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা। রোববার বেলা ১২টার দিকে মাদ্রাসার সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনের শেষে শিক্ষক ও শতাধিক শিক্ষার্থীরা প্রতিষ্ঠানের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। মানববন্ধনে সুপার আবু বক্কার সিদ্দিক ও সহকারি সুপার আব্দুল হামিদ রাস্তাটি অপসারনের দাবী করে বলেন, বালিধা-পাঁচাকড়ি দাখিল মাদ্রাসাটি ১৯৬০ সালে প্রতিষ্ঠিত হয়। ৭৪ সালের পর স্থানীয় আকুঞ্জিপাড়ার কয়েকটি পরিবারের চলাচলের জন্য মাদ্রাসার মাঠের মাঝ দিয়ে ঘরোয়াভাবে একটি কাঁচা রাস্তা তৈরি করে। কিন্তু রাস্তাটি প্রতিষ্ঠানের মাঝ দিয়ে তৈরি হওয়ার কারনে শিক্ষার্থীদের চলাচল ও খেলাধুলার বিঘ্ন ঘটাসহ দুর্ঘটনার ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে।
সুপার বক্তব্যে আরও বলেন, এ কারনে প্রতিষ্ঠানের উত্তর-পশ্চিম পাশ দিয়ে আমরা একটি বিকল্প রাস্তা তৈরি করে দিয়েছি। যাতে এলাকার মানুষ রাস্তাটি দিয়ে সহজভাবে চলাচল করতে পারেন। স্থানীয় কয়েকজন কুচক্রী ব্যক্তি প্রতিষ্ঠানের সুনাম ক্ষুন্ন করতে প্রতিষ্ঠানের বিরুদ্ধে নানাবিধ ষড়যন্ত্র করে যাচ্ছেন। যার অংশ হিসেবে চলতি মাসের ১৫ সেপ্টম্বর আমার ও শিক্ষকদের নামে আদালতে হয়রানি মূলক মিথ্যা মামলা দিয়েছেন। রাস্তা নিয়ে মিথ্যা সাজানো ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারসহ শিক্ষার্থীদের নির্বিঘ্নে চলাচলে জন্য মানববন্ধনের মাধ্যমে প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রশাসনের উর্ধতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ সম্রাট হোসেন জানান, বিষয়টি আমি শুনেছি,ঘটনাস্থল তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।