রাজশাহীতে চাউল ব্যবসায়ীদের কোটি টাকা নিয়ে উধাও

এফএনএস (মোঃ আব্দুল বাতেন; গোদাগাড়ী, রাজশাহী) :
| আপডেট: ২১ সেপ্টেম্বর, ২০২৬, ০২:২৫ পিএম | প্রকাশ: ২১ সেপ্টেম্বর, ২০২৬, ০২:২৫ পিএম
রাজশাহীতে চাউল ব্যবসায়ীদের কোটি টাকা নিয়ে উধাও

রাজশাহীতে চাউল ব্যবসায়ীদের কাছ থেকে প্রায় কোটি টাকা নিয়ে এক ব্যবসায়ী উধাও হওয়ার অভিযোগ উঠেছে। জেলার নওহাটা, মৌগাছি ও কেশরহাট এলাকার অর্ধশতাধিক ব্যবসায়ী তার কাছে টাকা পাওনা রয়েছেন বলে দাবি করেছেন। এর মধ্যে নওহাটার ২৮ ব্যবসায়ীর পাওনা প্রায় ৬২ লাখ টাকা।

সোমবার সকালে পবার নওহাটা বাজারে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন ভুক্তভোগী ব্যবসায়ীরা। লিখিত বক্তব্যে চাউল ব্যবসায়ী আব্দুর রব জানান, প্রায় এক বছর ধরে মেহেরচণ্ডী এলাকার ওয়াহিদুজ্জামান শিশু ও তার ব্যবসায়িক সহযোগী আজমীর রহমানের সঙ্গে তারা চাউলের ব্যবসা করে আসছিলেন। শুরুতে নিয়মিত লেনদেন হলেও গত আগস্ট থেকে পাওনা পরিশোধে অনিয়ম শুরু হয়। ব্যবসায়ীদের দাবি, গত ১৭ সেপ্টেম্বর তারা জানতে পারেন আজমীর রহমান এলাকা ছেড়ে গেছেন এবং তার মোবাইল ফোন বন্ধ। নওহাটার ২৮ ব্যবসায়ীর প্রায় ৬২ লাখ টাকা ছাড়াও মৌগাছি ও কেশরহাটের ব্যবসায়ীদের আরও ৪০ লাখ টাকার বেশি পাওনা রয়েছে বলে তারা জানান।

ভুক্তভোগীদের অভিযোগ, আজমীরের সহযোগী ওয়াহিদুজ্জামান শিশু তাদের পাওনা টাকা চাইলে দুর্ব্যবহার ও হুমকি দিয়েছেন। তারা দুজন মিলে প্রতারণা করেছেন বলেও অভিযোগ করেন ব্যবসায়ীরা। বিষয়টি নিয়ে থানায় অভিযোগ করতে গেলেও অভিযোগ গ্রহণ করা হয়নি বলে দাবি করেন তারা। সংবাদ সম্মেলনে ব্যবসায়ীরা আজমীর রহমানকে শনাক্ত করে আইনের আওতায় আনা, ওয়াহিদুজ্জামান শিশুর বিরুদ্ধে ব্যবস্থা এবং পাওনা টাকা উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন। আরএমপির মুখপাত্র গাজিউর রহমান বলেন, লেনদেনজনিত পাওনা আদায়ের বিষয়টি দেওয়ানি আদালতের মাধ্যমে নিষ্পত্তি করা যেতে পারে। তবে এতে ফৌজদারি অপরাধের প্রমাণ থাকলে পুলিশ আইনগত ব্যবস্থা নেবে।

আপনার জেলার সংবাদ পড়তে