কোটচাঁদপুরে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, বিএনপির ক্ষোভ

এফএনএস (কাজী মৃদুল; কোট চাঁদপুর, ঝিনাইদহ) : | প্রকাশ: ২১ সেপ্টেম্বর, ২০২৬, ০৫:২১ পিএম
কোটচাঁদপুরে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, বিএনপির ক্ষোভ

ঝিনাইদহের কোটচাঁদপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা ঝটিকা মিছিল করেছেন বলে অভিযোগ উঠেছে। সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে কালীগঞ্জ-জীবননগর মহাসড়কের কলেজ স্ট্যান্ড এলাকা থেকে রেজিস্ট্রি অফিস পর্যন্ত এ মিছিল অনুষ্ঠিত হয়। এতে ২০ থেকে ২৫ জন নেতা-কর্মী অংশ নেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। মিছিলে নেতৃত্ব দেন কোটচাঁদপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ শাহীন। অল্প সময়ের মধ্যে মিছিলটি শেষ করে অংশগ্রহণকারীরা ঘটনাস্থল ত্যাগ করেন। বিষয়টি ছড়িয়ে পড়লে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও প্রতিক্রিয়া দেখা দেয়।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন উপজেলা ও পৌর বিএনপির নেতারা। উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক  বলেন, এ ধরনের ঘটনা উদ্বেগের বিষয়। পুলিশ যথাযথভাবে দায়িত্ব পালন করছে না বলেই তারা একত্রিত হওয়ার সুযোগ পেয়েছে। এর মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে।

পৌর বিএনপির সভাপতি সালাউদ্দিন বুলবুল সিডল বলেন, “শান্ত পরিবেশকে অশান্ত করার চেষ্টা চালানো হচ্ছে। এ ধরনের তৎপরতা সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে।

স্থানীয় বিএনপি নেতাদের অভিযোগ, মিছিলে কারা অংশ নিয়েছেন তা প্রকাশ্যে এলেও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতা-কর্মীদের এমন প্রকাশ্য কর্মসূচির বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা। এ বিষয়ে কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান বলেন, সুযোগ বুঝে খুবই অল্প সময়ে নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন ছেলে ঝটিকা মিছিল করেই গা ঢাকা দিয়েছে। এ ঘটনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

আপনার জেলার সংবাদ পড়তে