পাবনার ঈশ্বরদীতে বাসচাপায় আনোয়ার হোসেন (৪৬) নামে বেসরকারি এনজিও ব্র্যাকের এক কর্মকর্তা নিহত হয়েছেন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে পাবনা-ঈশ্বরদী মহাসড়কের মুনশিদপুর এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত আনোয়ার হোসেন রাজশাহীর বাগমারা উপজেলার তেবাড়িয়া গ্রামের মৃত আব্দুল হকের ছেলে। তিনি ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ব্র্যাক অফিসে প্রোগ্রামার পদে কর্মরত ছিলেন। চাকরির সুবাদে তিনি পরিবার নিয়ে দাশুড়িয়া বাজার এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
পাকশী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ জানান, মঙ্গলবার সকালে আনোয়ার হোসেন মোটরসাইকেল নিয়ে মাঠপর্যায়ে দাপ্তরিক কাজে বের হন। ঈশ্বরদীমুখী মোটরসাইকেলটি মুনশিদপুর এলাকায় পৌঁছালে পিছন থেকে আসা একটি দ্রুতগতির বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে বাসের নিচে চাপা পড়েন এবং বাসটি তাকে কিছুটা দূর পর্যন্ত টেনেহেঁচড়ে নিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, খবর পেয়ে পাকশী হাইওয়ে থানা-পুলিশ ও স্থানীয় ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। ওই বাসটি শনাক্তসহ এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।