বনানীতে বাসের ধাক্কায় বাইক আরোহীর মৃত্যু, চালক-সহকারী পলাতক

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ২২ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:৫৬ পিএম
বনানীতে বাসের ধাক্কায় বাইক আরোহীর মৃত্যু, চালক-সহকারী পলাতক

ঢাকার বনানীতে লাবিব পরিবহনের একটি বাসের ধাক্কায় হাসান ইমাম সোহেল (৪৫) নামে এক বাইক আরোহীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বেলা সোয়া ১টার দিকে চেয়ারম্যানবাড়ী ও সৈনিক ক্লাবের মাঝামাঝি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর বাসটি জব্দ করলেও চালক ও সহকারী পালিয়ে গেছেন।

বনানী থানার এসআই জুয়েল বিশ্বাস জানান, সহকর্মীর বাইকে করে মোহাম্মদপুর থেকে বসুন্ধরা আবাসিক এলাকায় যাচ্ছিলেন সোহেল। পথে তারা এভারকেয়ার হাসপাতালের দিকে যাচ্ছিলেন।

এসআই জুয়েল বিশ্বাস বলেন, “বাইকে করে দুইজন মোহাম্মদপুর থেকে এভারকেয়ার হাসপাতালে যাচ্ছিলেন। বনানীতে লাবিব পরিবহনের একটি বাস পেছন থেকে তাদের বাইকে ধাক্কা দিলে বাইকার ছিটকে সামনের দিকে পড়েন, আর আরোহী সোহেল ওই গাড়িরই নিচে পড়ে যান।”

বাসের নিচে পড়ে ঘটনাস্থলেই সোহেলের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁর মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনায় মোটরসাইকেল চালকও সামান্য আহত হয়েছেন। এসআই জুয়েল বিশ্বাস জানান, আহত বাইকারকে চিকিৎসার জন্য কুর্মিটোলা হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় বাসটি জব্দ করেছে পুলিশ। তবে বাসটির চালক ও সহকারী ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন।

নিহত হাসান ইমাম সোহেলের বাড়ি কুমিল্লার দাউদকান্দিতে। তিনি ঢাকায় একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন।

আপনার জেলার সংবাদ পড়তে