পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অভিযোগ তুলে বরিশালের বাবুগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
মঙ্গলবার বিকেল ৫টার দিকে বাবুগঞ্জ কলেজ গেট এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
রহমতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও রহমতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. রাজন সিকদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি কলেজ গেট এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে কলেজ গেট এলাকায় সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন বরিশাল মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো. আজিজুল হক ও বাবুগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. আতিক আল আমিন।
এ সময় রহমতপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. নেগবার আলী, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. বাবুল সরদার, রহমতপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. ফেরদৌস খান, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. সাদ্দাম হোসেন, বাবুগঞ্জ ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মো. নাফিজুর রহমান আসিফ সিকদার, ছাত্রদল নেতা মো. সাগরসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ অব্যাহত রাখবেন।