চাঁদপুরে পুলিশের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের ২য় ব্যাচ শুরু

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ০২:৫১ পিএম
চাঁদপুরে পুলিশের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের ২য় ব্যাচ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরাপদ করতে চাঁদপুর জেলা পুলিশের পেশাগত দক্ষতা ও সক্ষমতা বাড়াতে দুই দিনব্যাপী এক বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির দ্বিতীয় ব্যাচের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) চাঁদপুর জেলা পুলিশ লাইন্স অডিটোরিয়ামে প্রশিক্ষণ কার্যক্রমের সূচনা হয়। চাঁদপুর জেলা পুলিশের মিডিয়া সেল সূত্রে জানা যায়, নির্বাচনকালীন সময়ে মাঠপর্যায়ে দায়িত্ব পালনে কৌশলগত দক্ষতা অর্জন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতকরণসহ পুলিশের নানাবিধ পেশাগত বিষয় নিয়ে প্রশিক্ষণে বিস্তারিত আলোচনা ও দিকনির্দেশনা দেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে চাঁদপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব নাদিরা নূর-এর সঞ্চালনায় প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি চাঁদপুর জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, "একটি অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে পুলিশ বাহিনীর পেশাদারিত্ব ও দক্ষতার কোনো বিকল্প নেই। প্রতিটি পুলিশ সদস্যকে সততা, নিষ্ঠা ও নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করতে হবে।" তিনি নির্বাচনকালীন চ্যালেঞ্জ মোকাবিলায় মাঠপর্যায়ের কর্মকর্তাদের প্রয়োজনীয় বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

এই প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে চাঁদপুরে কর্মরত পুলিশ সদস্যদের কর্মদক্ষতা বৃদ্ধি পাবে এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জেলা পুলিশ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে আরও বেশি সচেষ্ট  হবে বলে আশা প্রকাশ করছে সংশ্লিষ্ট দপ্তর। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মিয়াজী আলিফ ইমরানসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যবৃন্দ।

আপনার জেলার সংবাদ পড়তে