সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যখনই দেশ পরিচালনার দায়িত্বে ছিল, তখনই দেশে আইনের শাসন, অর্থনৈতিক সমৃদ্ধি ও প্রকৃত উন্নয়ন নিশ্চিত হয়েছে। বিএনপির শাসনামলে দেশ শান্তিপূর্ণ ও স্থিতিশীল ছিল। কিন্তু একটি স্বার্থান্বেষী মহল সবসময় দেশের অর্জিত শান্তি ও উন্নয়ন কার্যক্রমকে বাধাগ্রস্ত করার চেষ্টা করে এবং দেশে নৈরাজ্য ও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পাঁয়তারা চালায়।
তিনি বলেন, যেকোনো মূল্যে দেশবিরোধী ও গণতন্ত্রবিরোধী অস্থিতিশীলতা সৃষ্টির চক্রান্ত প্রতিহত করা হবে। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিটি নেতাকর্মীকে দেশপ্রেমের চেতনায় উজ্জীবিত হয়ে রাজপথে প্রহরীর ভূমিকা পালন করতে হবে। বিএনপি সবসময় জনগণের পাশে ছিল, আছে এবং থাকবে। কোনো চক্রান্তকারী অপশক্তিকে দেশের শান্তি-শৃঙ্খলা ও অগ্রযাত্রাকে ব্যাহত করতে দেওয়া হবে না।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বর্তমান সরকারের চলমান উন্নয়ন কার্যক্রমকে বাধাগ্রস্ত করা এবং দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির সব ধরনের অপচেষ্টার বিরুদ্ধে আয়োজিত প্রতিবাদ মিছিলের আগে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহসভাপতি মাহবুবুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে সঞ্চালনা করেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আফছর খান। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ আমীর আলী, উসমান হারুণ পনির, কামরুল হাসান, দেওয়াল রেজা মজিদ, তছির আলী, মিছবাহ আহমদ জেহিন, আবির হাসান মুহিন, শাকের আহমদ, ফাহিম আহমদ চৌধুরী, জিয়াউর রহমান, অ্যাডভোকেট ইকবাল হোসেন, গোলাম মোস্তফা, সামাদ হোসেন, হুসেন খান ইমাদ, কাউসার হোসেন রকি, জিয়াউর রহমান জিয়া, শামীম চৌধুরী, ইবনে জাহান তানভীর ও চৌধুরী সুবহান আজাদ।
এ ছাড়া কতোয়ালী থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুজ্জামান দিপু, সদস্যসচিব আমজাদ হোসেন; শাহপরাণ থানা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব সুলেমান খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম আজাদ; জালালাবাদ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিকুল ইসলাম, সদস্যসচিব মানিক মিয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফজল রানা; বিমানবন্দর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈকত ফাহাদ চৌধুরী, সদস্যসচিব এস এম সাগর; দক্ষিণ সুরমা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হোসেন আহমদ রুহুল; মোগলাবাজার থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হোসেন তালুকদার, সদস্যসচিব সয়েফ উদ্দিন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক লিমন আহমদসহ ছয়টি থানার যুগ্ম আহ্বায়ক ও সদস্য এবং ৪২টি ওয়ার্ডের আহ্বায়ক, সদস্যসচিব ও অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যে মাহবুবুল হক চৌধুরী বলেন, দেশ ও গণতন্ত্রের স্বার্থে যেকোনো ধরনের অপশক্তি ও চক্রান্ত প্রতিহত করতে মহানগর স্বেচ্ছাসেবক দল এক পায়ে প্রস্তুত। রাজপথে থেকে সব ধরনের অপচেষ্টাকে রাজপথেই রুখে দেওয়া হবে। তিনি বলেন, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের ভোটাধিকার পুনরুদ্ধারের আন্দোলনকে চূড়ান্ত লক্ষ্যে পৌঁছে দিতে স্বেচ্ছাসেবক দল সবসময় রাজপথে সামনের সারিতে থাকবে।