আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় দোষীদের ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ।
আজ রোববার দুপুর সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি। সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুর ও চাঁদাবাজির অভিযোগ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের উদ্দেশ্য করে বলতেই পারে, গণতন্ত্র ও বাকস্বাধীনতা আছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, যে ভদ্রলোক ফেসবুকে লাইভে এসে অভিযোগটি করছেন, তিনি কি কোনো মামলা দায়ের করেছেন? করেননি।’
সালাউদ্দিন আহমেদ বলেন, ‘তিনি (সালমান মুক্তাদির) একপর্যায়ে বলেছেন, তার কাছে কেউ চাঁদা চায়নি, চাইলে নাকি দিতেন। তো যার কাছে চাঁদা দাবি করা হয়নি, তিনি বলছেন 'চাইলে দিতেন'। তাহলে তো চিহ্নিত কেউ নেই। এরপর তিনি বলছেন বিএনপি চাঁদা চেয়েছে—এটি একটি ঢালাও অভিযোগ। তিনি যদি নির্দিষ্ট মামলা করেন, আমরা সেটা তদন্ত করে দেখব।’
ঘটনাটির প্রাথমিক তদন্তের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘তিনি ভিকটিমাইজড হয়েছেন, সেটা আমরা দেখেছি। মানিকদী নামপাড়ায় ক্যান্টনমেন্ট থানার অধীনে ৩৫ কাঠার একটি বিতর্কিত জমি নিয়ে দুটি পক্ষের বিরোধ চলছে। এক পক্ষে রয়েছে বিল্ডার (নিউ গিনি প্রোপার্টিজ) এবং অন্য পক্ষে এক অবসরপ্রাপ্ত সিনিয়র সামরিক কর্মকর্তা। ওই সামরিক কর্মকর্তার পক্ষে বেশ কিছু লোক রাতের অন্ধকারে জমি দখল করতে যায় এবং সেখানে সালমান মুক্তাদিরের টিনশেডের একটি স্থাপনাসহ বেশ কিছু ভাঙচুর চালায়।’
এই ঘটনার পর ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়, তিনজনকে গ্রেফতার করে হয়েছে বলেও জানান মন্ত্রী। মিরপুরের রাড্ডা ক্লিনিকে ভাঙচুরের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠলে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ২৫ তারিখ মধ্যরাতের ওই ঘটনার পর পুলিশি অবহেলার অভিযোগ তদন্ত করা হয়েছে। অবহেলার কারণে শাহআলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়েছে এবং তার বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। এছাড়া এ ঘটনায় ইতোমধ্যে ৯ জনকে গ্রেফতার করা হয়েছে এবং মালামাল উদ্ধার করা হয়েছে।
রাজনৈতিক পরিচয় নির্বিশেষে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দুষ্কৃতকারী বা দুর্বৃত্তদের রাজনৈতিক পরিচয় যাই থাকুক না কেন, আমরা সেটা আমলে নেব না। অপরাধের সাথে জড়িতদের অপরাধী হিসেবেই গণ্য করা হবে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কড়া ব্যবস্থা নিলে ভবিষ্যতে এরকম ঘটনার পুনরাবৃত্তি হবে না বলে আমরা আশা প্রকাশ করছি।’