ভেড়ামারার পদ্মা নদী থেকে নিখোঁজ হওয়ার দীর্ঘ ৪৮ ঘন্টা পর ভেসে উঠেছে কৃষকের মরদেহ। আজ রবিবার দুপুর ১২টার দিকে পাবনা জেলার সুজানগর উপজেলার সাতবাড়ির কাছে পদ্মা নদী থেকে তার লাশ উদ্ধার করেছে ভেড়ামারা থানা এবং সুজানগর থানা পুলিশ। এসময় উদ্ধার অভিযানে থাকা ডুবুরী দল, ফায়ার সার্ভিস’র টিম উপস্থিত ছিলেন।
গত শুক্রবার ২৫ সেপ্টেম্বর দুপুর ১২ টার দিকে পদ্মার চরাঞ্চলে সবজির জমিতে কাজ করে ভেড়ামারার বাড়িতে ফিরছিলেন উজির আলী নামের এক কৃষক। এসময় ওই নৌকায় তার ছোট ভাই এবং চাচারাও ছিলেন। এসময় হঠাৎ করেই নৌকা থেকে পড়ে যান তিনি। চোখের পলকে পদ্মার অথৈই জলে হারিয়ে যান তিনি। সে ভেড়ামারা উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের মন্ডলপাড়ার মৃত খেজের আলীর পুত্র।
নিহতের ছোট ভাই নাজির মন্ডল জানিয়েছিলেন, পদ্মা নদীর চরের জমিতে চাষাবাদের কাজ শেষ কওে ভেড়ামারায় ফিরছিলেন তারা। জুম্মার নামাজ আদায়ের লক্ষ্য ১২ টার দিকে আমাদের নৌকা নিয়ে ফিরছিলাম। পদ্মা নদী এখন উত্তাল থাকায় প্রচন্ড ঢেউ ছিল। নৌকা দুলে দুলে চলছিল। হঠাৎ করেই দেখি ভাই পড়ে গেলো। তাকে ধরতে ধরতেই চোখের পলকে পানিতে ভেসে গেলো ভাই। এরপর থেকেই স্থানীয় নৌকা, ফারয়ার সার্ভিসের ডুবুরির দল উদ্ধার অভিযান শুরু করেন। ভেড়ামারা থানা পুলিশ জানিয়েছে, আজ রবিবার সাড়ে ১১টার দিকে পাবনার সুজানগর সাতবাড়ি এলাকার লোক পদ্মা নদীতে কিছু ভাসতে দেখেন। এরপর সংবাদ দেওয়া হয় পুলিশ কে। পরে ডুবুরী দলের সহায়তায় পদ্মা নদী থেকে একটি লাশ উদ্ধার করা হয়। পরে শনাক্তকরা হয় উজির মন্ডলের লাশ এটি।