দৈনিক ইত্তেফাক,দৈনিক নতুন বিশ্ববার্তা ও অনলাইন নিউজ পোর্টাল এফএনএস-এ ছবিসহ সংবাদ প্রকাশ হওয়ার পাবনার চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়নের দোলং গ্রামের সাথে বোঁথর গ্রামের সংযোগ স্থাপনে বড়াল নদের উপর নির্মিত ব্রিজটি ধসে যাওয়া ঝুঁকিপূর্ণ অংশ মেরামত করা হয়েছে। ব্রিজটির উভয় পাশের সংযোগ সড়ক (ঢাল) ধসে পড়েছিল। এতে সৃষ্টি হয়েছিল গর্তের। ঝুঁকি নিয়ে যানবাহন ও মানুষ চলাচল করছিল। বৃষ্টিতে সংযোগ সড়কটি ভেঙে নদের ভেতর বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দেয়। ব্রিজ ও সড়কের অংশ বিপজ্জনক অবস্থায় থাকায় এলাকাবাসী জরুরী ভিত্তিতে ব্রিজটির উভয় পাশের সংযোগ (ঢাল) সড়ক মেরামতের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু পদক্ষেপ গ্রহণের দাবি জানান। এ বিষয়ে গত ২৫ সেপ্টেম্বর দৈনিক ইত্তেফাকে ব্রিজের ধসে যাওয়া অংশের ছবি ও ক্যাপশান প্রকাশ হয়। এরপরই চাটমোহর উপজেলা প্রকৌশলী মোঃ ইজাজুল আলম সরেজমিনে ব্রিজটি পরিদর্শন করে মেরামতের উদ্যোগ নেন। গত ২৬ সেপ্টেম্বর ব্রিজের ধসে যাওয়া অংশ মেরামত করে। উপজেলা প্রকৌশলী জানান,জানার পরই আমি দ্রুতই খোঁজ নিয়ে এ ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করি ও ব্রিজের ক্ষতিগ্রস্থ অংশ মেরামত করা হয়।