গাজীপুরের কাপাসিয়া উপজেলা সদরে অবস্থিত 'কাপাসিয়া ডিগ্রি কলেজে' বর্ণাঢ্য আয়োজনে জাঁকজমকপূর্ণ ভাবে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। ২৬ সেপ্টেম্বর রোববার সকালে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস শুরু হয়।
দেশের অন্য শিক্ষাপ্রতিষ্ঠানের মতো নতুন শিক্ষার্থীদের কলেজের নিয়মকানুন সম্পর্কে ধারণা দেওয়া, শিক্ষকদের সাথে পরিচয় করিয়ে দেওয়া এবং নিয়মিত ক্লাসে উপস্থিত থেকে নিজেদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার দিকনির্দেশনা দেওয়া হয়। স্বপ্নপূরণের দীপ্ত সূচনার দিন বর্ণিল সাজ আর নবীন শিক্ষার্থীদের পদচারণে মুখর হয়ে ওঠে কলেজ ক্যাম্পাস। একবুক স্বপ্ন নিয়ে শুরু হওয়া উচ্চমাধ্যমিক শিক্ষাজীবনের প্রথম দিনটিকে স্মরণীয় করে রাখতে নবীন শিক্ষার্থীদের উষ্ণ অভ্যর্থনা জানান কাপাসিয়া ডিগ্রি কলেজের শিক্ষকেরা। এ সময় নবীনদের ফুল দিয়ে বরণ করে নেন কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের উদ্দেশে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান।
আয়োজিত ওরিয়েন্টেশন প্রোগ্রামে সভাপতিত্ব করেন কলেজ গভর্নিং বডির সভাপতি প্রফেসর একেএম মাজহারুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ হুমায়ুন কবির।
কলেজের সমাজকর্ম বিভাগের প্রধান মোস্তাফিজুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিক্ষাবিদ, কবি, নাট্যকার অধ্যাপক আবু মহম্মদ রইস। এসময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন কলেজ গভর্নিং বডির সদস্য অধ্যাপক ফ ম এমদাদুল হোসেন, সহকারী অ্যাটুর্নি জেনারেল অবঃ সুপ্রিম কোর্ট মোঃ ইকবাল হোসেন শেখ, মোঃ মেজবাহ উদ্দিন, সহযোগী অধ্যাপক মোঃ শামীম আহমেদ,
কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক তারেক হোসেন প্রমুখ। এছাড়া নবীন শিক্ষার্থী, দ্বাদশ শিক্ষার্থী ও অনার্স শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য প্রদান করা হয়।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ নূর উদ্দিন, গাজীপুর জেলা মহিলা দলের সভাপতি জান্নাতুল ফেরদৌসী, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজগর হোসেন খান, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য এফ এম কামাল হোসেন, গভর্নিং বডির সদস্য বিল্লাল হোসেন, আসাদুজ্জামান সবুজ প্রমুখ।
অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক সহ সকল বক্তা তাদের বক্তব্যে ১৯৬৫ সালে প্রতিষ্ঠিত এ অঞ্চলের সবচেয়ে পুরনো ঐতিহ্যবাহী কলেজ হিসাবে কাপাসিয়া ডিগ্রি কলেজকে সরকারিকরণের দাবি জানান। অতিথিরাও তাদের দাবির প্রতি একাত্মতা প্রকাশ করেন এবং তা বাস্তবায়নে সর্বান্তকরণে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
পবিত্র কোরআন তেলাওয়াত, গীতা পাঠ ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয়। অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে ফুলেল শুভেচ্ছা ও মিষ্টিমূখ করানো হয়।
নতুন শিক্ষাবর্ষে কলেজ ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশে আয়োজিত অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থী ও অভিভাবকদের কলেজের একাডেমিক পরিবেশ, শিক্ষা কার্যক্রম, নিয়ম-কানুন, সহশিক্ষা কার্যক্রম এবং প্রতিষ্ঠানের শিক্ষা-দর্শনের সঙ্গে পরিচিত করতেই এ ওরিয়েন্টেশনের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি শাহ রিয়াজুল হান্নান বলেন, একাদশ শ্রেণি পড়াশোনার একটি নতুন ধাপ। এটি এমন একটি সময়, যা তোমাদের ভবিষ্যৎ পথরেখা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আজ থেকে শুরু হলো একটা সফল স্বপ্নের অভিযাত্রা। এই স্বপ্নযাত্রায় সারথি হয়ে তোমাদের পাশে থাকবে কাপাসিয়া ডিগ্রি কলেজ। অর্থাৎ কাপাসিয়া ডিগ্রি কলেজ স্বপ্ন দেখায় এবং সেই স্বপ্ন বাস্তবায়নে সবটুকু যোগ্য করে গড়ে তুলবে তোমাদের। কলেজজীবন শুধু পরীক্ষায় ভালো ফল করার সময় নয়। এটি জ্ঞান, শৃঙ্খলা, নৈতিকতা, দায়িত্ববোধ ও নেতৃত্বের গুণাবলি অর্জনেরও গুরুত্বপূর্ণ সময়। তিনি শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, সময়ানুবর্তিতা এবং ইতিবাচক মানসিকতা নিয়ে ভবিষ্যতের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানান। এতে শিক্ষার্থীরা কলেজের একাডেমিক কার্যক্রম ও বিশেষত্ব সম্পর্কে ধারণা পান।
এ সময় কলেজের পরীক্ষা পদ্ধতি, শ্রেণি ব্যবস্থাপনা এবং ক্লাস টিচারদের দায়িত্ব সম্পর্কে বিস্তারিত জানানো হয়। পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং অ্যালামনাই কার্যক্রম নিয়েও শিক্ষার্থীদের ধারণা দেওয়া হয়। এতে শিক্ষার্থীদের সাফল্য ও ভবিষ্যৎ গঠনে অভিভাবক, শিক্ষক এবং শিক্ষাপ্রতিষ্ঠানের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্ব দেওয়া হয়।
এ ছাড়া কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের অভিজ্ঞতা ও অনুপ্রেরণামূলক বক্তব্যে নবাগত শিক্ষার্থীদের মধ্যে নতুন উদ্দীপনা ও অনুপ্রেরণা সৃষ্টি করে।
অনুষ্ঠানে কলেজের শিক্ষকরা নিজেদের পরিচয় তুলে ধরেন। শিক্ষার্থীদের একাডেমিক অগ্রগতির পাশাপাশি ব্যক্তিত্ব, সৃজনশীলতা, যোগাযোগ দক্ষতা, নেতৃত্বের সক্ষমতা ও সামাজিক মূল্যবোধ বিকাশে শিক্ষকরা কীভাবে সহযোগিতা করবেন, তা তুলে ধরেন তারা। অনুষ্ঠানের শেষপর্বে সভাপতি প্রফেসর একেএম মাজহারুল ইসলাম উপস্থিত শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। পরে শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের অংশগ্রহণে গ্রুপ ফটোসেশন অনুষ্ঠিত হয়।
এরপর নবাগত শিক্ষার্থীরা নিজ নিজ ক্লাস টিচারের সঙ্গে শ্রেণিকক্ষ পরিদর্শন করে। এ সময় তারা নতুন শিক্ষাঙ্গনের পরিবেশের সঙ্গে পরিচিত হয়। কলেজ কর্তৃপক্ষ জানায়, একাডেমিক উৎকর্ষের পাশাপাশি নৈতিক ও মানবিক মূল্যবোধ, নেতৃত্ব, সৃজনশীলতা, প্রযুক্তিনির্ভর শিক্ষা এবং সহশিক্ষা কার্যক্রমের সমন্বয়ের মাধ্যমে শিক্ষার্থীদের গড়ে তোলা প্রতিষ্ঠানের অন্যতম প্রধান লক্ষ্য। কর্তৃপক্ষের লক্ষ্য, শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও ভবিষ্যৎ কর্মজীবনের জন্য যোগ্য, আত্মবিশ্বাসী ও দায়িত্বশীল নাগরিক হিসেবে প্রস্তুত করা।
নবাগত শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে আয়োজিত এ ওরিয়েন্টেশন তাদের কলেজজীবনের নতুন অধ্যায়ের সূচনাকে আরও আনন্দময় ও অর্থবহ করে তোলে। একই সঙ্গে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের পারস্পরিক সহযোগিতায় একটি ইতিবাচক ও ফলপ্রসূ শিক্ষাবর্ষের প্রত্যাশা ব্যক্ত করা হয়।
পরে শিক্ষার্থীদের মঙ্গল কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন ইসলামী স্টাডিজ বিভাগের অধ্যাপক আলী এরশাদ আজাদ।