ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিরোধের জেরে প্রতিপক্ষের লাথির আঘাতে আনোয়ার হোসেন আনার (৪২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত অপর ব্যক্তি পলাতক রয়েছেন।
রবিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যার পর উপজেলার দেওখোলা ইউনিয়নের কুকরাইল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আনোয়ার হোসেন আনার ওই গ্রামের ফজলুল হকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় একটি পক্ষের সঙ্গে আনোয়ার হোসেন আনারের বিরোধের সৃষ্টি হয়। এর জের ধরে রবিবার সন্ধ্যার পর কথা কাটাকাটির একপর্যায়ে একই এলাকার আবু তাহের ভুট্টোর ছেলে পারভেজ হাসান আহাদ তাকে লাথি মারেন বলে অভিযোগ উঠেছে। এতে গুরুতর আহত হয়ে আনার ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন।
পরে স্থানীয়রা তাকে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।
এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে তদন্ত শুরু করে।
ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাশেদুল হাসান জানান, এ ঘটনায় আবু তাহের ভুট্টোকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্ত পারভেজ হাসান আহাদ পলাতক রয়েছেন।
ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।