নীলফামারীর সৈয়দপুরে ঐতিহ্যবাহী হাসনাতি আঞ্জুমান খানকা শরীফে প্রতি বছরের ন্যায় এবারও শুরু হয়েছে ৬ দিনব্যাপী পবিত্র ওরস মোবারক। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) থেকে কয়ামিস্ত্রী পাড়ায় অবস্থিত খানকা শরীফে এ ওরস মোবারক শুরু হয়েছে। চলবে আগামি ৪ অক্টোবর পর্যন্ত।
১৯৪৮ সাল থেকে এ খানকা শরীফে নিয়মিতভাবে ওরস মোবারক অনুষ্ঠিত হয়ে আসছে। প্রতি বছর ওরসকে ঘিরে দেশের বিভিন্ন প্রান্তের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশ থেকেও ভক্ত ও অনুসারীরা এখানে সমবেত হন। ওরস উপলক্ষে খানকা শরীফের বিশাল ক্যাম্পাসে সৃষ্টি হয় ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশ।
ওরস চলাকালে নামাজ আদায়, পবিত্র কোরআন তেলাওয়াত, জিকির, দোয়া, মিলাদ মাহফিল ও তবারক বিতরণসহ ধর্মীয় কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। এছাড়া আগত ভক্ত ও সাধারণ মানুষের জন্য রয়েছে বিনামূল্যে থাকা-খাওয়ার ব্যবস্থা। প্রতিদিন হাজার হাজার মানুষ এখানে বিনা মূল্যে খাবার গ্রহণ করছেন। শুধু ভক্ত বা অনুসারী নয়, যে কোনো মানুষ ইচ্ছা করলে এখানে এসে খাবার গ্রহণ করতে পারেন।
খানকা শরীফের সঙ্গে মাদ্রাসা ও মসজিদও রয়েছে। বিশাল ক্যাম্পাসে প্রতিবছর ঈদের জামায়াতও অনুষ্ঠিত হয়ে থাকে। হাসনাতি আঞ্জুমান খানকা শরীফের উত্তরসূরি মো. ফাইয়াজ আহম্মদ বলেন,আমাদের বাবা-দাদার আমল থেকেই এই খানকা শরীফ পরিচালিত হয়ে আসছে। আমরা তাঁদের উত্তরসূরি হিসেবে অত্যন্ত যত্ন ও নিষ্ঠার সঙ্গে এর কার্যক্রম ধরে রেখেছি। এবারের ওরসও অত্যন্ত শান্তি ও শৃঙ্খলার মধ্য দিয়ে চলছে।
তিনি আরও বলেন, ওরস আয়োজনের ক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা পাওয়া যাচ্ছে। স্থানীয় রাজনীতিবিদসহ এলাকার সর্বস্তরের মানুষও সহযোগিতা করছেন। এজন্য তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সৈয়দপুর পৌরসভার ৫ নং ওয়ার্ডের সাবেক (শ্রেষ্ঠ পদকপ্রাপ্ত) কাউন্সিলর আক্তার হোসেন ফেকু বলেন,এটি অত্যন্ত ভালো একটি কাজ। ওরসকে কেন্দ্র করে হাজার হাজার মানুষের সমাগম হচ্ছে। এখানে নামাজ আদায়, কোরআন তেলাওয়াত, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। এসব ধর্মীয় কর্মকাণ্ড আমাদের পরকালের জন্য সাক্ষী হয়ে থাকবে। ওরস উপলক্ষে খানকা শরীফ ও আশপাশের এলাকায় ভক্তদের পদচারণায় মুখর হয়ে উঠেছে। শান্তি-শৃঙ্খলা বজায় রেখে ওরসের সকল কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে আয়োজকরা জানিয়েছেন। আইন শৃঙ্খলার দায়িত্বে থাকা এক আনসার সদস্য জানান,এমন সুন্দর আয়োজন আমাদের মুগ্ধ করেছে। আমরা ১২ জন নারী পুরুষ আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করছি।