সাঁথিয়ায় শিয়ালের কামড়ে নারী-শিশুসহ আহত ১১

এফএনএস (খাইরুল ইসলাম বাসিত; পাবনা) : | প্রকাশ: ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:০৯ পিএম
সাঁথিয়ায় শিয়ালের কামড়ে নারী-শিশুসহ আহত ১১

পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢ়ুকে একটি পাগলা শিয়ালের কামড়ে নারী-শিশুসহ অন্তত ১১ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। পরে গ্রামবাসী একজোট হয়ে শিয়ালটিকে পিটিয়ে মেরে ফেলেছে।  আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৪ টা থেকে সাড়ে ৫ টার মধ্যে সাঁথিয়া পৌরসভার ৭ নং ওয়ার্ড শালঘর মহল্লা ও সাতবিলা এলাকায় এ ঘটনা ঘটে। শিয়ালের কামড়ে আহত ব্যক্তিদের সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। 

এলাকাবাসী জানায়, শালঘর মহল্লার মো. রফিক বাড়ির পাশে পুকুর পাড়ে বেঁধে রাখা একটি ছাগল প্রথমে শিয়ালের হামলার শিকার হয়। এরপর শিয়ালটি একে একে গ্রামের বিভিন্ন বাড়িতে ঢ়ুকে

আরও কয়েকজনকে কামড়ে আহত করে। আহত ব্যক্তিরা হলেন শালঘর এলাকার বাদশার মেয়ে জুবাইদা (০৪), মংলা খাতুন (৭০), আলেয়া (২৫), ওয়াজ কুরুনি (০৭), শাহিদা (৫০), সোনিয়া (১৪)। এছাড়াও গৌরীগ্রাম ইউনিয়নের সাতবিলা গ্রামের সাব্বিরের মেয়ে সিনহা (০৩), লাকি (৩০), বায়জিদ (০৬), রেহেনা (৪২), সামসুর (২২) পাগলা শিয়ালের আক্রমনের শিকার হন।  এতে পুরো এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে আত্মরক্ষার্থে গ্রামবাসী লাঠিসোঁটা নিয়ে রাস্তায় নেমে আসে। বিকেল ৫ টার দিকে গ্রামের শতাধিক মানুষ শিয়ালটিকে খুজতে বের হয় এবং পাশের একটি ঝোপ থেকে সাড়ে পাঁচটার সেটিকে ধরে পিটিয়ে হত্যা করে মহল্লাবাসী। সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মাফুজ জানান, আহতদের জলাতঙ্ক প্রতিরোধে প্রাথমিক চিকিৎসা ও ভ্যাকসিন দেওয়া হয়েছে। শিয়ালটি মারা পড়লেও আহতদের পরিবার এবং পুরো এলাকায় এখনও উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।

আপনার জেলার সংবাদ পড়তে