কলারোয়ায় ৮০জন শিক্ষার্থী পেলো বিনামূল্যের বাইসাইকেল

এফএনএস (এস.এম. শহিদুল ইসলাম; সাতক্ষীরা) : | প্রকাশ: ১ অক্টোবর, ২০২৬, ০৪:১৪ পিএম
কলারোয়ায় ৮০জন শিক্ষার্থী পেলো বিনামূল্যের বাইসাইকেল

সাতক্ষীরার কলারোয়ায় বিনামূল্যে বাইসাইকেল পেয়েছে ৮০ জন মেধাবী শিক্ষার্থী। জেলা পরিষদের উদ্যোগে উপজেলার ৮টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে এসব বাইসাইকেল বিতরণ করা হয়। শ্রেণিভিত্তিক ফলাফলে প্রথম ও দ্বিতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের উৎসাহিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল প্রাঙ্গণে এক আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে বাইসাইকেল তুলে দেওয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব। কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুদীপ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম মাহফুজুর রহমান।

অনুষ্ঠানে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল, গার্লস পাইলট হাইস্কুল, মডেল হাইস্কুল, বেত্রবতী হাইস্কুল, সোনাবাড়িয়া হাইস্কুল, বামনখালী হাইস্কুল, চন্দনপুর হাইস্কুল ও কাজিরহাট হাইস্কুলের ৪৩ জন ছাত্রী এবং ৩৭ জন ছাত্রের হাতে বাইসাইকেল তুলে দেওয়া হয়। প্রতিটি বিদ্যালয়ের প্রতিটি শ্রেণি থেকে ২ জন করে মোট ১০ জন শিক্ষার্থী এই উপহার পায়।

প্রধান অতিথির বক্তব্যে হাবিবুল ইসলাম হাবিব বলেন, মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দিতে জেলা পরিষদ থেকে উপবৃত্তি, বাইসাইকেল বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। তরুণ প্রজন্মের মেধা বিকাশে এই ধরনের সহায়তা অব্যাহত থাকবে। বক্তব্যে কলারোয়া পাইলট হাইস্কুলে একটি সাইকেল গ্যারেজ তৈরির জন্য জেলা পরিষদের পক্ষ থেকে ২ লাখ টাকা অনুদান দেওয়ার ঘোষণা দেন তিনি।

বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ তামিম আজাদ মেরিনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রকিব মোল্লা, যুগ্ম সম্পাদক শেখ আব্দুল কাদের বাচ্চু, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ শরীফুজ্জামান তুহিন, বেত্রবতী হাইস্কুলের প্রধান শিক্ষক শেখ রাশেদুল হাসান কামরুল, সোনাবাড়িয়া হাইস্কুলের প্রধান শিক্ষক আক্তার আসাদুজ্জামান এবং উপজেলা কৃষক দলের আহ্বায়ক মনিুজ্জামান। অনুষ্ঠানে সংশ্লিষ্ট বিদ্যালয়গুলোর শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার সুধীজনেরা উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে