গুগল ম্যাপসে ব্যবহারকারীর চলাফেরার বিভিন্ন তথ্য সংরক্ষণের সুবিধা আছে। ‘টাইমলাইন’ নামের এই ফিচারে ব্যবহারকারী কোথায় কোথায় গেছেন, তার একটি হিস্ট্রি তৈরি হয়। কোনো রেস্টুরেন্ট, দোকান বা নির্দিষ্ট জায়গায় আগে যাওয়ার তথ্য পরে খুঁজে পেতে এটি কাজে লাগলেও ব্যক্তিগত গোপনীয়তার বিষয়টি নিয়ে অনেকের উদ্বেগ আছে। গুগল আগে এসব লোকেশন তথ্য ক্লাউডে সংরক্ষণ করলেও বর্তমানে ম্যানুয়ালি ব্যাকআপ না করলে টাইমলাইনের তথ্য ডিভাইসেই সংরক্ষণ করা হয়। তারপরও যারা এই তথ্য সংরক্ষণ করতে চান না, তারা সহজেই গুগল ম্যাপসের লোকেশন হিস্ট্রি বন্ধ করতে পারবেন।
যেভাবে বন্ধ করবেন
গুগল ম্যাপসের টাইমলাইন ফিচার বন্ধ করতে প্রথমে ফোনে গুগল ম্যাপস অ্যাপ খুলুন। এরপর নিচের ধাপগুলো অনুসরণ করুন-
ঙ্ গুগল ম্যাপস অ্যাপ খুলে সার্চ বারের ডানপাশে থাকা প্রোফাইল ছবিতে ট্যাপ করুন।
ঙ্ এরপর ‘ইওর টাইমলাইন’ নির্বাচন করুন।
ঙ্ পরের পেজের ওপরের ডানপাশে থাকা তিনটি ডটে ট্যাপ করে ‘লোকেশন অ্যান্ড প্রাইভেসি সেটিংস’ নির্বাচন করুন।
ঙ্ এরপর ‘টাইমলাইন’ অপশনে যান।
ঙ্ ড্রপডাউন মেন্যু থেকে ‘টার্ন অফ’ নির্বাচন করলে নতুন করে লোকেশন হিস্ট্রি সংরক্ষণ বন্ধ হবে। তবে আগের তথ্য থেকে যাবে।
ঙ্ আর ‘টার্ন অফ অ্যান্ড ডিলিট অ্যাক্টিভিটি’ নির্বাচন করলে আগের সংরক্ষিত লোকেশন তথ্যও মুছে যাবে।
নির্দিষ্ট সময় পরপর তথ্য মুছে ফেলবেন যেভাবে
লোকেশন হিস্ট্রি পুরোপুরি বন্ধ না করে নির্দিষ্ট সময় পর পুরোনো তথ্য স্বয়ংক্রিয়ভাবে মুছে ফেলতে চাইলে একই সেটিংস থেকে ‘অটো-ডিলিট’ অপশনে যেতে হবে। সেখানে ‘চুজ অ্যান অটো-ডিলিট অপশন’ নির্বাচন করে তিন, ১৮ অথবা ৩৬ মাসের বেশি পুরোনো লোকেশন তথ্য স্বয়ংক্রিয়ভাবে মুছে ফেলার ব্যবস্থা করা যাবে।
টাইমলাইনের ব্যাকআপও নিয়ন্ত্রণ করা যাবে
টাইমলাইন পেজের ওপরের দিকে থাকা ক্লাউড বা ‘ব্যাকআপ’ আইকন থেকে ডিভাইসে থাকা টাইমলাইন তথ্যের এনক্রিপ্টেড ব্যাকআপ গুগল অ্যাকাউন্টে রাখা বা বন্ধ করা যায়। এ ছাড়া নিচের দিকে থাকা পেন্সিল আইকন ব্যবহার করে নির্দিষ্ট কোনো দিনের লোকেশন তথ্য সম্পাদনা বা মুছে ফেলা যাবে। ‘লোকেশন অ্যান্ড প্রাইভেসি’ পেজ থেকে চাইলে টাইমলাইনের তথ্য অন্য ডিভাইসে সংরক্ষণের জন্য রপ্তানি করা এবং নির্দিষ্ট সময়ের লোকেশন তথ্য মুছে ফেলার সুবিধাও আছে।
তবে এসব সেটিংস ডিভাইসভিত্তিক। ফলে একাধিক ফোন বা ট্যাবলেটে গুগল ম্যাপস ব্যবহার করলে প্রতিটি ডিভাইসে আলাদাভাবে সেটিংস পরিবর্তন করতে হবে।