ময়মনসিংহে বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অন্তত ৭ যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার দুপুর দেড়টার দিকে নগরীর আকুয়া বাইপাস সড়কের গন্দ্রপা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের সবাই ঘটনাস্থলেই মারা গেছেন বলে কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তাৎক্ষনিক ভাবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয়রা জানায়, জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী রাজীব পরিবহনের একটি বাস আকুয়া বাইপাস সড়কের গন্দ্রপা এলাকায় মুক্তাগাছাগামী একটি সিএনজি অটোরিকসাকে সামনে থেকে চাপা দেয়। এতে সিএনজি অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই অন্তত সাতজন নিহত হন।
ওসি আরো জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করর হয়েছে। তবে তাৎক্ষনিক ভাবে নিহতদের পরিচয় এবং দুর্ঘটনার বিস্তারিত কারণ জানা যায়নি।