কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে মাদকদ্রব্য চোরাচালান প্রতিরোধ ও সীমান্ত সুরক্ষায় কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পরিচালিত পৃথক অভিযানে ভারতীয় ১০ বোতল ইস্কাফ সিরাপ, ২,৯৬৯ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট, ১,৯৯৬ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট, ৮ বোতল মদ এবং ৩৪৫ প্যাকেট পাতার বিড়ি আটক করা হয়েছে। আটককৃত এসব মাদকদ্রব্য ও অন্যান্য মালামালের সর্বমোট আনুমানিক সিজার মূল্য ১৫ লক্ষ ২৪ হাজার ৪৭৫ টাকা।
সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২ অক্টোবর শুক্রবার আশ্রায়ন বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মুন্সিগঞ্জ খেয়াঘাট নামক স্থানে বিজিবির একটি চৌকস টহল দল অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ১০ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ, ২,০০৯ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট ও ৯৯৬ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট আটক করা হয়। আটককৃত মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ৯ লক্ষ ৫ হাজার ৫০০ টাকা।
এছাড়া, ২ অক্টোবর শুক্রবার চরচিলমারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ডিগ্রিরচর নামক স্থানে বিজিবির একটি চৌকস টহল দল অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ৯৬০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট, ১,০০০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট ও ৩৪৫ প্যাকেট পাতার বিড়ি আটক করে। আটককৃত মাদকদ্রব্য ও অন্যান্য মালামালের আনুমানিক সিজার মূল্য ৬ লক্ষ ৬ হাজার ৯৭৫ টাকা।
অপরদিকে জামালপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার পাকুড়িয়া নামক স্থানে বিজিবির অপর একটি টহল দল অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ৮ বোতল ভারতীয় মদ আটক করে, যার আনুমানিক সিজার মূল্য ১২ হাজার টাকা। সীমান্ত দিয়ে মাদকদ্রব্য ও অবৈধ পণ্য চোরাচালান প্রতিরোধে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সর্বদা সতর্ক ও দৃঢ়প্রতিজ্ঞ। সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করার পাশাপাশি চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। দেশের যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা এবং সীমান্ত সুরক্ষায় বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে।