দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন কোচ সালাউদ্দিন

এফএনএস স্পোর্টস | প্রকাশ: ৩ অক্টোবর, ২০২৬, ০৭:১০ পিএম
দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন কোচ সালাউদ্দিন

বৃষ্টিতে চীনের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচ পরিত্যক্ত হয়েছিল। টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় সেমিফাইনালে জায়গা পেলেও পাকিস্তানের কাছে হারের পর ব্রোঞ্জ নির্ধারণী ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষেও বড় ব্যবধানে হেরেছে লিটন দাসের দল। লঙ্কান ‘বি’ দলের কাছে মাত্র ১০২ রানে অলআউট হয়ে ৬৩ রানে হেরেছে পূর্ণশক্তির বাংলাদেশ। পাকিস্তান ও শ্রীলঙ্কা-দুই দলের কাছেই হেরে এবারই প্রথম এশিয়ান গেমস থেকে পদক ছাড়াই ফিরছে বাংলাদেশ। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সংবাদ সম্মেলনে কোচ মোহাম্মদ সালাউদ্দিন ফাইনালে ওঠার প্রত্যাশা জানিয়েছিলেন। কিন্তু ফাইনালে ওঠা তো দূরের কথা, ব্রোঞ্জের লড়াইয়েও বড় ব্যবধানে হারতে হয়েছে দলকে। ব্যর্থতার দায় স্বীকার করে কোচ বলেন, ‘সত্যিকার অর্থে আমরা দেশবাসীর কাছে লজ্জিত। কোচ হিসেবেও মনে করি আমরা ব্যর্থ হয়েছি। আমাদের কাছে দেশবাসীর যে প্রত্যাশা ছিল সেটা পূরণ করতে পারিনি। খুবই হতাশাজনক এবং পুরো দেশবাসীর কাছে আমরা লজ্জিত ও ক্ষমাপ্রার্থী।’ দলের বাজে পারফরম্যান্সের কারণ ব্যাখ্যা করতে গিয়ে বোলিং ও ব্যাটিংয়ের ব্যর্থতার কথা তুলে ধরেন সালাউদ্দিন। তাঁর ভাষ্য, ‘এই উইকেটে বোলাররা কয়েক ওভার খুব বাজে বল করেছে। যারা টি-টোয়েন্টি স্পেশালিস্ট তারাই বেশি রান দিয়েছে। ব্যাটিংয়ে পাওয়ার প্লে-তে বেশি উইকেট হারিয়েছি।’ শ্রীলঙ্কার বিপক্ষে মুস্তাফিজুর রহমানের বোলিংও প্রত্যাশা পূরণ করতে পারেনি। এ প্রসঙ্গে কোচ বলেন, ‘আসলে মুস্তাফিজ অনেকদিন ধরে ইনজুরিতে ছিল এবং সে আমাদের গত ১০ বছরে সেরা খেলোয়াড়দের একজন। খেলার মধ্যে নতুন কোনো ইন্সট্রাকশন পাঠানো হয় না। বিশেষ করে সে ডেড ওভার স্পেশালিস্ট। ফলে তার ওপর আমাদের ভরসা রাখতেই হবে।’ অধিনায়ক লিটন দাসও দুই ম্যাচে করেছেন মাত্র ২ রান। প্রথম ম্যাচে বোলারদের ব্যবহার নিয়েও প্রশ্ন উঠেছে। লিটনের পারফরম্যান্স নিয়ে জানতে চাইলে কোচ বলেন, ‘আমি সব সময় বলব তারা দেশের জন্য লড়ে। তারা ফেইল করছে, সেটা নিয়ে আমরা অবশ্যই লজ্জিত। টু বি অনেস্ট আমরা টোটাল টিম হিসেবে ভালো পারফর্ম করিনি।’ সাঁতার, অ্যাথলেটিকসসহ অন্য ডিসিপ্লিনের খেলোয়াড়েরা নানা সীমাবদ্ধতার মধ্যেও লড়াই করছেন। সেখানে ক্রিকেটারদের পর্যাপ্ত সুযোগ-সুবিধা থাকার পরও দুর্বল দলগুলোর কাছে হেরে পদক হারানোয় অনুশোচনা আছে কি না, এমন প্রশ্নে সালাউদ্দিন বলেন, ‘আমরা সবাই হতাশ। আমরা এখানে লক্ষ্য নিয়ে এসেছিলাম কিন্তু ফেইল করেছি, ভালো খেলতে পারিনি।’ দুই ম্যাচেই বাংলাদেশের ক্রিকেটারদের শরীরী ভাষা ও ইতিবাচক মনোভাব নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষ করে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটসম্যানরা থিতু হওয়ার আগেই উইকেট হারান। তবে ক্রিকেটারদের পক্ষ নিয়ে কোচ বলেন, ‘প্লেয়াররা তাদের সর্বোচ্চ চেষ্টা করেছে, কিন্তু আমার মনে হয় আমরা গেমপ্ল্যান ঠিকমতো বাস্তবায়ন করতে পারিনি। ব্যাটিংয়ে দ্রুত উইকেট পড়ে যাওয়ায় ম্যাচটি বের করা সম্ভব হয়নি।’