হিলিতে চাঁদাবাজি-হুমকির অভিযোগ, সংবাদ সম্মেলনে সুষ্ঠু বিচারের দাবি

এফএনএস (মোস্তাফিজার রহমান মিলন; হিলি, দিনাজপুর) : | প্রকাশ: ৪ অক্টোবর, ২০২৬, ০১:২৩ পিএম
হিলিতে চাঁদাবাজি-হুমকির অভিযোগ, সংবাদ সম্মেলনে সুষ্ঠু বিচারের দাবি

দিনাজপুরের হাকিমপুর উপজেলার খাটাউচনা বাজারে চাঁদাবাজি, দোকানে তালা ঝুলিয়ে দেওয়া, ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় ব্যবসায়ী  ও সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহাদত হোসেন শাদো। এ ঘটনায় তিনি সুষ্ঠু তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

রোববার (৪ অক্টোবর) হাকিমপুর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শাহাদত হোসেন অভিযোগ করেন, স্থানীয় কয়েকজন ব্যক্তি দীর্ঘদিন ধরে বাজারের ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি করে আসছেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে দোকানে তালা লাগিয়ে দেওয়া, মালামাল বাইরে ফেলে দেওয়া এবং ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে।

তিনি আরও অভিযোগ করেন, গত ২১ ও ২২ সেপ্টেম্বর কয়েক দফায় বিভিন্ন দোকানে তালা ঝুলিয়ে দেওয়া হয়। একটি দোকান থেকে নগদ ৫০ হাজার টাকা নেওয়া এবং আরও কয়েকটি দোকান দখলের উদ্দেশ্যে তালাবদ্ধ করে রাখার অভিযোগও করেন তিনি। পাশাপাশি ব্যবসায়ীদের নামীয় সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ রয়েছে।

শাহাদত হোসেন বলেন, বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করেও কোনো প্রতিকার পাননি। পরে হাকিমপুর থানায় লিখিত অভিযোগ করেছেন তিনি। সংবাদ সম্মেলনে এসব ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তিনি।

আপনার জেলার সংবাদ পড়তে