আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে শেরপুরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৪ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন জেলা পুলিশ সুপার মো. জহিরুল ইসলাম, বিজিবির প্রতিনিধি মেজর আশিক, এসআরবি কমান্ডিং অফিসার লাবিদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক, নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মালেক, নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, জেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি জিতেন্দ্র মজুমদার, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, বিএনপি নেতা আব্দুল আউয়াল চৌধুরী, জামায়াত নেতা মাওলানা আব্দুল বাতেন, জেলা যুবদলের সভাপতি আতাহারুল ইসলাম আতা, সাধারণ সম্পাদক মো. শওকত হোসেন এবং জেলা ইমাম পরিষদের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম।
এ সময় ছাড়া বিভিন্ন উপজেলার পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারা, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় জেলার প্রতিটি পূজামণ্ডপে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন, মণ্ডপগুলো সিসি ক্যামেরার আওতায় আনা এবং মণ্ডপে যাতায়াতের জন্য ভাঙাচোরা সড়কগুলো সংস্কারের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি জেলা যুবদলের পক্ষ থেকে বিশেষ মনিটরিং টিম গঠনের উদ্যোগ নেওয়ার বিষয়েও আলোচনা হয়। সভায় বক্তারা বলেন, শারদীয় দুর্গাপূজা যাতে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়, সে লক্ষ্যে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট সংগঠনগুলো সমন্বিতভাবে কাজ করবে। জেলা পূজা উদযাপন ফ্রন্ট সূত্রে জানা গেছে, এবার শেরপুর জেলায় মোট ১৭১ টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।