"শিক্ষকদের পাশে দাঁড়ানো: পেশার সুরক্ষা, এর মর্যাদা বৃদ্ধি এবং আমাদের ভবিষ্যৎ গঠনে শিক্ষকদের কণ্ঠস্বর" - এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরে সাড়ম্বরে উদযাপিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬। দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও শিক্ষকদের পেশাগত মর্যাদা রক্ষায় নানা উদ্যোগের কথা প্রকাশ করা হয়।
সোমবার (০৫ অক্টোবর ২০২৬) সকাল ১০টায় চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের যৌথ আয়োজনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। প্রধান অতিথি তাঁর বক্তব্যে শিক্ষক ও শিক্ষার্থীদের সম্পর্ক এবং শিক্ষকের ভূমিকার গুরুত্ব তুলে ধরে বলেন, “শিক্ষকরা সমাজের এবং শিক্ষার্থীদের জন্য সবসময়ই বড় রোল মডেল। শৈশবের স্মৃতির একটি বড় অংশজুড়ে থাকেন আমাদের শিক্ষকরা ও আমাদের প্রিয় বিদ্যাপীঠ। শিক্ষার্থীরা সারা জীবন শিক্ষক ও শিক্ষিকাদের শ্রদ্ধার সাথে স্মরণ করে।”
শিক্ষার্থীদের আচরণগত পরিবর্তনের ওপর জোর দিয়ে জেলা প্রশাসক বলেন, “শ্রেণিকক্ষে গিয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে সালামের বিনিময় ও হাসিমুখে কথা বলার চর্চা নিশ্চিত করতে হবে। এটি দেখতে ছোট বিষয় মনে হলেও এর মাধ্যমে শিক্ষক-শিক্ষার্থীর গভীর মানবিক বন্ধন ও আচরণগত ইতিবাচক পরিবর্তন তৈরি হয়।”
শিক্ষার মান উন্নয়ন ও নতুন উদ্যোগের কথা জানিয়ে তিনি বলেন, “চাঁদপুরে শিক্ষা ব্যবস্থার উদ্ভাবনী উন্নয়নে বেশ কিছু কাজ শুরু করা হয়েছে। কচুয়ায় ‘প্রকৃতির পাঠশালা’ নামে একটি আউটডোর ক্লাসরুম তৈরি করা হয়েছে, যেখানে শিক্ষার্থীরা মনোরম প্রাকৃতির পরিবেশে ধর্ম, কৃষি ও সমাজ বিজ্ঞানের মতো বিষয়গুলো আনন্দময় পরিবেশে পড়তে পারবে।” সদর উপজেলায়ও আগামী ৩০ নভেম্বরের মধ্যে দুইটি এবং ফরাক্কাবাদ ডিগ্রি কলেজে একটি এমফিথিয়েটার ও আউটডোর ক্লাসরুম তৈরির কাজ সম্পন্ন হবে বলে তিনি জানান। চরাঞ্চলের শিক্ষকদের আবাসন ও যাতায়াত সমস্যার কথা উল্লেখ করে তিনি বলেন, “মেঘনার ওপারে (রাজরাজেশ্বর ও ইব্রাহিমপুর) কর্মরত প্রাথমিক শিক্ষকদের জন্য অতি দ্রুত ডরমেটরি স্থাপন এবং যাতায়াতের জন্য বিশেষ পরিবহন ব্যবস্থা গ্রহণের পরিকল্পনা করা হচ্ছে।”
সবশেষে জেলা প্রশাসক মাদক, কিশোর গ্যাং ও ইভটিজিংয়ের মতো সামাজিক ব্যাধি দূর করতে শিক্ষার্থীদের মধ্যে ধৈর্য ও নৈতিক শিক্ষার চর্চা বাড়াতে শিক্ষকদের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি'র বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাজমুন নাহার, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএমএন. জামিউল হিকমা। এছাড়া বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মুহাম্মদ মোছাদ্দেক হোসেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী। জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক আজিজুল হকের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন চাঁদপুর বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোশারফ হোসেন,আক্কাছ আলী রেলওয়ে একাডেমির প্রধান শিক্ষক মো. গোফরান হোসেন, আনোয়ারা আলিম মাদ্রাসার অধ্যক্ষ জিয়াউদ্দিন,হাসান আলী সরকারি প্রাথমিকবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.মমিনুল হক সর্দার, আলোচনা সভায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, শিক্ষক-শিক্ষিকা, স্থানীয় সুধীজন ও গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।