বিজিবি-এসআরবি’র যৌথ অভিযানে

রংপুরে ৫০ লাখ টাকা মূল্যের ৫০ কেজি কষ্টিপাথর উদ্ধার, আটক ২

এফএনএস (মমিনুল ইসলাম রিপন; রংপুর) : | প্রকাশ: ৫ অক্টোবর, ২০২৬, ০৭:৩০ পিএম
রংপুরে ৫০ লাখ টাকা মূল্যের ৫০ কেজি কষ্টিপাথর উদ্ধার, আটক ২

রংপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি-১৩)-এর যৌথ অভিযানে ৫০ কেজি ওজনের দুটি দুষ্প্রাপ্য কষ্টিপাথরসহ দুইজনকে আটক করা হয়েছে। উদ্ধার করা কষ্টিপাথরের আনুমানিক জব্দমূল্য ৫০ লাখ টাকা বলে জানিয়েছে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)।

সোমবার (৫ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টা থেকে ভোর ৫টা পর্যন্ত রংপুরের মিঠাপুকুর, রংপুর শহর ও পীরগাছা এলাকায় পৃথকভাবে এ অভিযান পরিচালনা করা হয়। আরআইবি, এসআইপি ও সিভিল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজিউর রহমান। আটক ব্যক্তিরা হলেন রংপুরের তাজহাট থানার কারণগুটলা গ্রামের মো. মজিবর রহমান (৫৭) এবং কোতোয়ালি থানার পূর্ব বোতলা এলাকার মো. এনামুল হোসেন (৫৫)।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে বিশেষ টহলদল রংপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালায়। অভিযানের একপর্যায়ে ওই দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে তাদের হেফাজত থেকে দুটি কষ্টিপাথর উদ্ধার করা হয়। উদ্ধার করা পাথর দুটির মোট ওজন ৫০ কেজি এবং আনুমানিক জব্দমূল্য ৫০ লাখ টাকা। আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের রংপুর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) জানিয়েছে, চোরাচালান, মাদকদ্রব্যের অবৈধ প্রবাহ প্রতিরোধ এবং সীমান্ত এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার জেলার সংবাদ পড়তে