রাজশাহী রেঞ্জ পুলিশের অভিযানে ১৮৪ জনকে গ্রেপ্তার ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় রেঞ্জের আওতাধীন বিভিন্ন জেলা পুলিশ অভিযান চালিয়ে ১৮৪ জনকে গ্রেপ্তার ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
মঙ্গলবার রাজশাহী রেঞ্জ কার্যালয়ের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।পুলিশ জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখে অপরাধীদের আইনের আওতায় আনতে দিনরাত টানা ১৪৫টি সফল অভিযান চালানো হয়।
অভিযানে গ্রেপ্তারদের মধ্যে পরোয়ানাভূক্ত আসামি ৭৪ জন, সাজাপ্রাপ্ত আসামি ১০ জন, বিভিন্ন তদন্তাধীন মামলার ৮৫ জন এবং অন্যান্য প্রতিরোধমূলক ধারায় ১৫ জন রয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় রেঞ্জের বিভিন্ন থানায় সর্বমোট ১০৪টি মামলা রেকর্ড করা হয়েছে। যার মধ্যে ২টি খুন, ২টি চুরি, ৩টি নারী ও শিশু নির্যাতন এবং ৯৭টি অন্যান্য ধারার মামলা। এ সময়ে ৭টি অপমৃত্যুর ঘটনাও নিবন্ধিত হয়।
মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে পরিচালিত অভিযানে ৩৭ জন মাদক ব্যবসায়ী ও সেবীকে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে ২টি ধারালো বার্মিজ চাকুসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য। এর মধ্যে রয়েছে ৩৭ গ্রাম হেরোইন, ৩৫১ পিস ইয়াবা, ২১৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১ কেজি ১৯৫ গ্রাম গাঁজা এবং ৩০ লিটার চোলাই মদ।
আইন প্রয়োগের পাশাপাশি নাগরিক সেবা প্রদানও জোরদার করেছে পুলিশ প্রশাসন। বিগত ২৪ ঘণ্টায় ১০৩৬ জন এবং চলতি মাসের এখন পর্যন্ত মোট ৩৯৭২ জন সাধারণ মানুষকে সরাসরি পুলিশিং সেবা দেয়া হয়েছে।