জাতীয় পর্যায়ে ‘গুণী শিক্ষক সম্মাননা’ পেলেন হোসেনপুরের আনোয়ার পারভেজ

এফএনএস (উজ্জ্বল কুমার সরকার; হোসেনপুর, কিশোরগঞ্জ) : | প্রকাশ: ৭ অক্টোবর, ২০২৬, ০৫:৩৪ পিএম
জাতীয় পর্যায়ে ‘গুণী শিক্ষক সম্মাননা’ পেলেন হোসেনপুরের আনোয়ার পারভেজ

শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদান ও পেশাগত দক্ষতার স্বীকৃতি হিসেবে ‘গুণী শিক্ষক সম্মাননা পদক-২০২৬’ পেয়েছেন কিশোরগঞ্জের হোসেনপুরের সন্তান মো. আনোয়ার পারভেজ। বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে তাঁকে এ সম্মাননা দেওয়া হয়। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি তাঁর হাতে সম্মাননা পদক, সনদপত্র ও দুই লাখ টাকার চেক তুলে দেন।

জানা গেছে, এ বছর দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১০২ জন গুণী শিক্ষককে এই রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া হয়। এর মধ্যে মাধ্যমিক পর্যায়ে নির্বাচিত ১০ জনের তালিকায় পঞ্চম স্থান অর্জন করেন আনোয়ার পারভেজ। তিনি বর্তমানে কিশোরগঞ্জের সরযূ বালা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক (ইংরেজি) হিসেবে কর্মরত আছেন।

তিনি হোসেনপুর উপজেলার টান সিদলা গ্রামের মো: নাজিম উদ্দিনের সন্তান এবং ৫ ভাই-বোনের মধ্যে সবার ছোট। আনোয়ার পারভেজ হোসেনপুর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং হোসেনপুর সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করেন। পরে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি ভাষা ও সাহিত্য বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ৩৫তম বিসিএস (নন-ক্যাডার) পরীক্ষার মাধ্যমে সরকারি হাই স্কুলে শিক্ষকতায় যোগদান করে তিনি তাঁর কর্মজীবন শুরু করেন।

অনুভূতি প্রকাশ করে আনোয়ার পারভেজ বলেন, “বিশ্ব শিক্ষক দিবসে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি মহোদয়ের নিকট থেকে এই রাষ্ট্রীয় স্বীকৃতি পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। এই সম্মাননা আমার পেশাগত দায়িত্ব ও দায়বদ্ধতা আরও বাড়িয়ে দিয়েছে। শিক্ষার্থীদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে এবং তাদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে আজীবন কাজ করে যেতে চাই।”

আপনার জেলার সংবাদ পড়তে