মা ইলিশ সংরক্ষণে ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞার প্রথম দিনেই বরিশালের বাবুগঞ্জ উপজেলার সন্ধ্যা, সুগন্ধা ও আড়িয়াল খাঁ নদীতে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) প্রায় ৩৫ কিলোমিটার নদীপথে দুটি ট্রলার ও স্পিডবোট নিয়ে এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা উল হুসনা ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এ.এফ.এম. নাজমুস সালেহীন খানের নেতৃত্বে পরিচালিত অভিযানে নদীর বিভিন্ন এলাকা পরিদর্শন করা হয়। অভিযানের প্রথম দিনে দুপুর পর্যন্ত কোনো জেলে বা মাছ ধরার নৌকা পাওয়া যায়নি বলে জানিয়েছে মৎস্য বিভাগ।
সরকারি নির্দেশনা অনুযায়ী, ইলিশের নিরাপদ প্রজননের স্বার্থে ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ইলিশ আহরণ, কেনাবেচা, মজুদ ও পরিবহন নিষিদ্ধ। ইউএনও আসমা উল হুসনা বলেন, মা ইলিশ রক্ষায় নিষেধাজ্ঞা বাস্তবায়নে উপজেলা প্রশাসন কঠোরভাবে কাজ করছে। নিষেধাজ্ঞার পুরো সময়ে নদীতে নিয়মিত অভিযান ও নজরদারি থাকবে। কেউ নির্দেশনা অমান্য করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এ.এফ.এম. নাজমুস সালেহীন খান বলেন, নিষেধাজ্ঞার প্রথম দিনেই তিন নদীর প্রায় ৩৫ কিলোমিটার এলাকায় অভিযান চালানো হয়েছে। অভিযানে কোনো জেলে বা মাছ ধরার নৌকা পাওয়া যায়নি। নিষেধাজ্ঞা সফল করতে প্রশাসন ও মৎস্য বিভাগের অভিযান অব্যাহত থাকবে।